ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেনেড হামলার জন্য বিএনপিকে দায়ী করে সরকারি দলের নেতাদের বক্তব্যের সমালোচনা করেছেন নজরুল ইসলাম খান।
বিএনপির এই নেতা শনিবার সাংবাদিকদের বলেছেন, “আওয়ামী লীগ সবসময় নিজেদের অপরাধের দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে নানা রকম মিথ্যা অভিযোগ করে থাকে। ২১ অগাস্টের ঘটনার দায়ও তারা বিএনপি ও তারেক রহমানের ওপর চাপানোর দুুরভিসন্ধিমূলক ষড়যন্ত্র করছে।”
২১ অগাস্টের হামলায় নিহতদের স্মরণে শুক্রবার এক আলোচনা সভায় দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় ২০০৪ সালে ওই হামলা হয়েছিল।
নজরুল বলেন, মন্ত্রীদের বক্তব্যে ২১ অগাস্টের গ্রেনেড হামলার বিচার প্রভাবিত হচ্ছে।
গ্রেনেড হামলার মামলায় বর্তমান সরকার আমলে অধিকতর তদন্তে তারেকের নাম আসামির তালিকায় যোগ হয়। বিএনপি-জামায়াত জোট সরকারের কয়েকজন মন্ত্রীও এই মামলার আসামি।
তারেককে আসামি করার সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল বলেন, “এই ঘটনায় তিন বার তদন্ত হয়েছে। কোনো তদন্তেই তারেক রহমানের নাম আসেনি। আওয়ামী লীগের আন্দোলনের ফসল অবৈধ ফখরুদ্দীন-মইনুদ্দীন সরকারও তারেক রহমানকে জড়াতে পারেনি।
“কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে অবসরপ্রাপ্ত দলীয় পুলিশ কর্মকর্তা আব্দুল কাহহার আকন্দকে তদন্তভার দিয়ে তারেক রহমান ও বিএনপি নেতাদের জড়িয়ে সম্পূরক অভিযোগপত্র দিয়েছে।”
“আইনের মাধ্যমে বিচার নয়, বিএনপি ও তারেক রহমানের ভাবমূর্তি বিনষ্ট করতেই সরকার ২১ অগাস্ট মামলা নিয়ে দুরভিসন্ধিমূলক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে,” দাবি করেন নজরুল।
তিনি বলেন, “আওয়ামী লীগ ‘৭৪ সালে একদলীয় শাসন প্রতিষ্ঠা করে গণতন্ত্র হত্যা করেছিল। দেশে বিশেষ ক্ষমতা আইন ও জরুরি অবস্থা জারি করতে সংবিধান সংশোধন করেছিল।
“আওয়ামী লীগের নেতা-মন্ত্রীরা এসবের দায়ভার এখন বিএনপির ওপর চাপায়। তারা সবসময় নিজেদের অপরাধ অন্যের ওপর চাপাতে পারদর্শী।”
সকালে মুক্তিযোদ্ধা দলের নেতা-কর্মীদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দেন বিএনপি নেতা নজরুল। সেখানে সাংবাদিকদের সঙ্গে তার কথা হয়।
নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনের কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে নজরুল বলেন, “কাল (রোববার) স্থায়ী কমিটির বৈঠক আছে। সেখানে আন্দোলনের কর্মসূচি নিয়ে আলোচনা হবে। আমরা অবশ্যই আন্দোলনের কর্মসূচি দেব।”
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের উপদেষ্টা শাহজাহান ওমর, সভাপতি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম শফিউজ্জামানসহ নেতা-কর্মীরা শেরে বাংলা নগরে জিয়ার কবরে ফুল দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৫৫ ঘ.
bdnews24