২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে যুবদল নেতা হত্যায় গ্রেপ্তার ১

রাজবাড়ী জেলা বিএনপি সদস্য ও যুবদলের সাবেক আহ্বায়ক এসএম শামসুল আলম বাবলু হত্যায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2012, 02:06 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

রাজবাড়ী, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ী জেলা বিএনপি সদস্য ও যুবদলের সাবেক আহ্বায়ক এসএম শামসুল আলম বাবলু হত্যায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে আরিফ বিশ্বাসকে (২৫) গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার মাঝরাতে রাজবাড়ী পৌর এলাকার বিনোদপুর গ্রামে শামসুল আলম বাবলুকে (৫৫) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। বাবলু সরকারি শিশু সদন এলাকার প্রয়াত আব্দুল হামিদের ছেলে। রাজবাড়ী সদর থানার ওসি শাহাবুদ্দিন খলিফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ব শত্র“তার জের ধরে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে থানায় মামলার করা হয়নি বলে তিনি জানান। নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আরো বলেন, রাত প্রায় ১টার দিকে বাড়ি ফেরার পথে স্থানীয় সাংবাদিক সানাউল্লাহর বাড়ির সামনে রাস্তায় সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। তার মাথা, বুক, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ সুপার রেজাউল হক ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ সেখান থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেছে। দুপুরে রাজবাড়ী হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বিকাল সাড়ে ৫টায় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে নামাজে জানাযা শেষে ভবানীপুর পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়। এদিক, হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিকালে শহরে একটি বিক্ষোভ মিছিল করে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করেছে দলীয় সমর্থকরা। সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপি সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “আমরা আগামীকাল শনিবার জেলায় অর্ধদিবস হরতাল ডেকেছিলাম। কিন্তু প্রশাসন ৭২ ঘণ্টার মধ্যে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে হরতাল কর্মসূচি প্রত্যাহার করেছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৫ ঘ.