বগুড়া, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া শহর যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুল মতিনসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শহরের চকসূত্রাপুর চামড়া গুদাম এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার আদালতে হাজির করলে তাদের জেল হাজতে পাঠানো হয়।
অপর দু’জন হলেন ঢাকা মহানগরীর কোতোয়ালির আগামসি লেনের আশরাফ হোসেনের ছেলে মো. মোশারফ হোসেন মজু (৩২) এবং লালবাগের নুরকাতা লেনের আব্দুল করিমের ছেলে মো. আব্দুল মহিত রোকন (৩৫)।
বগুড়া সদর থানার পরিদর্শক (ওসি) মাহমুদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনসহ বিশেষ ক্ষমতা আইনে সদর থানায় মামলা করা হয়েছে। এরপর আদালতে হাজির করলে তাদের জেল হাজতে পাঠানো হয়।
র্যাব-১২ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমিত চৌধুরী বলেন, গ্রেপ্তারের সময় তাদের কাছে দশ লাখ ষাট হাজার ছয়শ’ বিশ টাকাসহ বিয়ার, কয়েকটি বিদেশি মুদ্রার নোট ও ফেনসিডিল পাওয়া যায়।
গ্রেপ্তার মতিনের বড় ভাই জাহাঙ্গীর বলেন, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তাদের বাসা থেকে মতিনকে গ্রেপ্তার করে র্যাব। এরপর তাকে মারধর করে মতিনের অফিসে নিয়ে যায়। ওখান থেকে অপর দুইজনকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৪ ঘ.
bdnews24