ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় নিহত আইভী রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গভবনে মিলাদ মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার বিকেলে এ মিলাদে অংশ নিয়ে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যরা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ আইভী রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন।
আইভী রহমানের স্বামী ও রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানও এ সময় উপস্থিত ছিলেন।
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে ওই গ্রেনেড হামলায় গুরুতর আহত হন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভী রহমান। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ অগাস্ট মারা যান তিনি। ওই হামলায় অন্তত ২৪ জন নিহত হন।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। এরপর একে একে শ্রদ্ধা জানান যোগাযোগমন্ত্রী ওবায়েদুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, এলজিআরইডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানকসহ দলীয় নেতাকর্মীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিএম/এসইউ/১৭৫৯ ঘ.
bdnews24