২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্টের জন্য ক্ষমা চান: খালেদাকে সুরঞ্জিত

একুশে অগাস্টের গ্রেনেড হামলাকারীদের খালেদা জিয়াই পৃষ্ঠপোষকতা দিয়েছেন অভিযোগ করে এ জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2012, 11:06 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একুশে অগাস্টের গ্রেনেড হামলাকারীদের খালেদা জিয়াই পৃষ্ঠপোষকতা দিয়েছেন অভিযোগ করে এ জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। ২১ অগাস্টের হামলায় নিহত আইভী রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, “বাংলাদেশে অনেকদিন ভুল স্বীকার না করার একটি সংস্কৃতি চলে এসেছে। কিন্তু সম্প্রতি খালেদা জিয়া বলেছেন, ইয়াজউদ্দিন আহম্মেদকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা তার ভুল ছিল। তার এই ভুল স্বীকারকে আমি অভিনন্দন জানাই।” “একইভাবে ২১ অগাস্টের ঘটনায় পৃষ্ঠপোষকতা করে তিনি যে ভুল করেছেন, তা স্বীকার করে ক্ষমা প্রার্থণা করলে জাতি তা বিবেচনা করবে। আর ক্ষমা পেলেই তিনি রাজনীতি করতে পারবেন।” সুরঞ্জিতের দাবি, গণতন্ত্রকে ‘নিষ্কলুষ’ করতে হলে খালেদা জিয়াকে ‘বিবেক জাগ্রত’ করে ভুল স্বীকার করতে হবে। “তাকে বলতে হবে, সেদিন তিনি রাষ্ট্রপ্রধান হিসাবে দায়িত্ব পালন না করে মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।” ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে ওই গ্রেনেড হামলায় গুরুতর আহত হন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও বর্তমান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমান। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ অগাস্ট মারা যান তিনি। ওই হামলায় অন্তত ২৪ জন নিহত হন। বিএনপি-জামায়াত জোট সরকার আমলে এই হামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে, যা নিয়ে মামলাও হয়েছে। তখন জজ মিয়া নামে এক ভবঘুরেকে হামলাকারী ‘সাজায়’ সিআইডি, যা পুরো তদন্তকে প্রশ্নের মুখে ঠেলে দেয়। পরে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দেওয়া অভিযোগপত্রে জজ মিয়াকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। এ মামলার অধিকতর তদন্তে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদার ছেলে তারেক রহমানের নামও আসামির তালিকায় যোগ করা হয়েছে। সুরঞ্জিত বলেন, “২১ অগাস্টের ঘটনায় সামগ্রিক হত্যার দায়িত্ব নিয়ে তাকে ক্ষমা চাইতে হবে। সাম্প্রতিক সময়ে যুদ্ধাপরাধীদের বাঁচাতে তিনি যে প্রয়াস চালিয়েছেন, তার জন্যও তাকে ক্ষমা চাইতে হবে। তাকে কিবরিয়া ও আহসান উল্লাহ মাস্টার হত্যাকাণ্ডের জন্যও ক্ষমা চাইতে হবে। তাকে বলতে হবে, রক্ত পিপাসার এই জায়গায় তিনি কেন বারবার গিয়েছেন। একইসঙ্গে তাকে ক্ষমা চাইতে হবে জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতার জন্যও।” ক্ষমা না চাইলে খালেদা জিয়ার আর রাজনীতি করার অধিকার থাকবে না- এমন মন্তব্য করে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত বলেন, “রাজনীতিতে ক্ষমতার লোভে অন্ধ হয়ে যে কোনো কাজ করা যায়। তবে এরপর ভুল স্বীকার করা আরো অনেক বড় কাজ।” অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “জিয়া- মোশতাক-ফারুকরা যে উদ্দেশ্যে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। খালেদা-তারেক-বিএনপি এখনো সেই কাজই করে যাচ্ছে। এ জন্যই ২১ অগাস্ট গ্রেনেড হামলা করা হয়েছে।” কামরুল অভিযোগ করেন, সেই সময়ের বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার জন্য সেদিন পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি। ঘটনার পর আলমত নষ্ট করা হয়েছিল। তদন্ত ভিন্ন খাতে চালাতে সৃষ্টি করা হয়েছিল ‘জজ মিয়া নাটক’। “মামলার সাক্ষ্য প্রমাণে উঠে এসেছে- ঘটনার আগে তারেক রহমান হাওয়া ভবনে বৈঠক করেছিলেন। মারকাজুল ইসলামের গাড়িতে করে মুফতি হান্নান হাওয়া ভবনে গিয়েছিলেন। আব্দুল সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন গ্রেনেড সরবরাহ করেছিল। তাকে দেশের বাইরে যেতে উচ্চপর্যায় থেকে সহায়তা করা হয়েছিল।” এ সরকারের আমলেই ওই হামলার ঘটনার বিচার করে সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিম বলেন, “রাষ্ট্রপতি জানেন, তার স্ত্রী হারানোর ঘটনার পিছনে খালেদা ছিলেন। এসবের পরও বঙ্গভবনে যাওয়ার পর তিনি খালেদা জিয়ার সঙ্গে হাসিমুখে কথা বলেছেন।” আইভী রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে বনানীতে তার কবরে ফুল দেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। আওয়ামী লীগের পক্ষ থেকেও আলাদাভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৭০০ ঘ.