২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলায় ১৭ জামায়াত-শিবির নেতা আসামি, গ্রেপ্তার ১

রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে বাগেরহাটের রামপাল উপজেলায় জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের ১৭ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2012, 10:09 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

বাগেরহাট, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে বাগেরহাটের রামপাল উপজেলায় জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের ১৭ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। রামপাল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বাদী হয়ে শুক্রবার রামপাল থানায় এ মামলা করেন। দলের উপজেলা সেক্রেটারি শেখ আবু নাছেরকে (৫০) এ মামলায় সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয়। অপর আসামিদের মধ্যে রয়েছেন দলের জেলা আমির মশিউর রহমান খান, সেক্রেটারি আব্দুল ওয়াদুদ, রামপাল উপজেলা আমির জুলফিকার আলী, শিবিরের জেলা সভাপতি হাফেজ আজমল হোসাইন, সেক্রেটারি তাজমুল হোসেন, রামপাল উপজেলা শিবির সভাপতি শেখ ইশাদুল হক ও সেক্রেটারি শেখ সালাহ উদ্দিন। রামপাল থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০ অগাস্ট সকালে ছাত্র শিবিরের ৫০-৬০ জন নেতাকর্মী বাইসাইকেলযোগে ‘শেখ মুজিব গেছে যে পথে শেখ হাসিনা যাবে সেই পথে’ ও ‘শেখ হাসিনা নিপাত যাক, বাংলাদেশ রক্ষা পাক’সহ সরকারবিরোধী, উস্কানিমূলক এবং স্পর্শকাতর বিভিন্ন শ্লোগান দিতে দিতে উপজেলা সদরের ঝনঝনিয়া এলাকায় জমায়েত হয়। এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা প্রতিবাদ করলে তাদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ ঘটনায় সরকার উৎখাত ও রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে দণ্ডবিধির ১২৪ (ক) ধারায় মামলা করা হয়। এর আগে ২২ অগাস্ট ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে উপজেলা ছাত্রলীগ সভাপতি মুনির হোসেন প্রিন্সও শিবিরের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা করেন। এ ব্যাপারে জেলা জামায়াত সেক্রেটারি আব্দুল ওয়াদুদ বলেন, ক্ষমতাসীন দলের নেতাদের সন্তুষ্ট করতে পুলিশ এসব মিথ্যা মামলা দায়ের করেছে। ছাত্রলীগের উপর হামলার কথা অস্বীকার করে তিনি বলেন, ছাত্রলীগ সমর্থকরাই শিবিরকর্মীদের উপর হামলা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৫৫৫ ঘ.