২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ প্রত্যাহারের দাবি বিএনপির

ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিধি পরিবর্তন করে জারি করা গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2012, 08:49 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিধি পরিবর্তন করে জারি করা গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বিরোধী দল বিএনপি। শুক্রবার এক আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, “এই অধ্যাদেশের মাধ্যমে সরকার গ্রামীণ ব্যাংকের ৮০ লাখ গরীব নারীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। অধ্যাদেশটি জারির ফলে অন্যান্য রাষ্টায়াত্ব ব্যাংকের মতো গ্রামীণ ব্যাংকও সরকার নিয়ন্ত্রণ করবে।” “তাই সরকারের কাছে আমাদের দাবি থাকবে, অবিলম্বে এই অধ্যাদেশ প্রত্যাহার করুন। গরীব নারীদের ক্ষমতা তাদের হাতে ফিরিয়ে দিন। নইলে আগামী নির্বাচনে ব্যাংকটির গরীব নারীরাই ভোটের মাধ্যমে এর জবাব দেবে।” আর সেক্ষেত্রে আগামীতে ক্ষমতা গেলে বিএনপি গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ বাতিল করে ব্যাংকের নিয়ন্ত্রণ ক্ষমতা নারীদের কাছে ফিরিয়ে দেবে বলে মন্তব্য করেন দলেটির এই জ্যেষ্ঠ নেতা। গত ২ অগাস্ট মন্ত্রিসভা গ্রামীণ ব্যাংক আইন সংশোধনের এই সিদ্ধান্তে অনুমোদন দেওয়ার পর সরকার বৃহস্পতিবার সংশোধিত গ্রামীণ ব্যাংক আইন অধ্যাদেশ আকারে জারি করে। মন্ত্রিসভার সিদ্ধান্তের পর থেকেই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূস অভিযোগ করে আসছেন, সরকার মনোনীত চেয়ারম্যানের মাধ্যমে এমডি নিয়োগের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের নিয়ন্ত্রণ এর সদস্যদের কাছ থেকে ‘কেড়ে’ নেওয়া হচ্ছে। তবে সরকারের দাবি, এমডি নিয়োগে স্বচ্ছ্বতা আনতেই আইন সংশোধনের এ উদ্যোগ। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আলোচনা সভায় সাবেক আইমন্ত্রী মওদুদ আহমদ বলেন, “নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস ক্ষুদ্র ঋণের মাধ্যমে গরীব নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করেছেন। গ্রামীণ ব্যাংক সেজন্যই বিশ্বব্যাপী একটি মডেল হিসেবে বিবেচিত হয়োেছ। আজ সরকার এই ব্যাংকের গরীব নারীদের ক্ষমতা খর্ব করতে অধ্যাদেশ জারি করেছে।” সরকার প্রতিহিংসামূলকভাবে ইউনূসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও তিনি অভিযোগ করেন। আন্দোলনের কৌশল দলের আন্দোলনের কৌশল ব্যাখ্যা করতে গিয়ে স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, নির্দলীয় সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি দেওয়া হবে। যতদিন পর্যন্ত নির্দলীয় সরকারের বিধান সংবিধানে সংযোজন না করা হবে, ততোদিন কর্মসূচি অব্যাহত থাকবে। “সরকারকে বলব, এখনো সময় আছে, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ পরিবর্তন করুন। সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।” এদেশের জনগণ দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় না বলেও মন্তব্য করেন মওদুদ। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া রোববার দলের স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করে কর্মসূচি চূড়ান্ত করবেন বলে তিনি জানান। জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি এম এম মেহবুব রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের মহাসচিব মোজাম্মেল হোসেন শাহিন বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৪৪৪ ঘ.