ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঠিক করতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।
রোববার এই বৈঠক বসবে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার রাত সাড়ে ৮টায় এই বৈঠক হবে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আন্দোলনের কর্মকৌশল ও কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হবে।”
তিনি জানান, স্থায়ী কমিটির বৈঠকের পর ১৮ দলীয় জোট ও সমমনাদের সঙ্গেও বৈঠকে বসবেন বিরোধী দলীয় নেতা। তবে এর দিনক্ষণ এখনো ঠিক হয়নি।
গত রোববার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত করতে শিগগিরই দলের নীতিনির্ধারক ফোরাম স্থায়ী কমিটি ও ১৮ দলীয় জোটের বৈঠক হবে। এরপরই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১১৫৯ ঘ.
bdnews24