ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে তাকে ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয়। এর আগেই ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তা জোরদার করা হয়।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ এনে বুধবার সকালে আজাহারকে গ্রেপ্তারের আবেদন জানায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ।
প্রসিকিউটর জেয়াদ আল মালুম সাংবাদিকদের বলেন, আজহারের বিরুদ্ধে একাত্তরে রংপুরে হত্যা, ধর্ষণ, লুটপাটসহ মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তার ভিত্তিতে তাকে গ্রেপ্তারের আবেদন জানানো হয়।
প্রসিকিউশনের আবেদনে বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজহারকে গ্রেপ্তারের নির্দেশ দেয়। এর কয়েক ঘণ্টার মধ্যে বুধবার দুপুরে মগবাজারের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আজহারকে। গ্রেপ্তারের পরপরই তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
বিভিন্ন মামলায় কয়েক মাস কারাগারে থাকার পর গত ১৬ অগাস্ট জামিনে মুক্তি পেয়েছিলেন আজহার।
বুধবার বাড়ির সামনে প্রিজন ভ্যানে তোলার সময় আজহার সাংবাদিকদের বলেন, “সরকার অবৈধভাবে আমাকে গ্রেপ্তার করেছে। তবে জনগণ আমাদের সঙ্গে রয়েছে। বিজয় আমাদের হবে।”
একাত্তরে জামায়াতের তৎকালীন ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের রংপুর জেলার সভাপতি ছিলেন আজহার। ওই জেলায় আল বদর বাহিনী সংগঠিত করতে তার ভূমিকা ছিল বলেও অভিযোগ রয়েছে।
তবে আজহারের আইনজীবী ফরিদ উদ্দিন সাংবাদিকদের বলেন, জামায়াতে ইসলামীকে নেতৃত্বশূন্য করতেই আজহারকে গ্রেপ্তার করা হয়েছে।
এর বিরুদ্ধে আইনি লড়াই চালানো হবে বলেও জানান তিনি।
যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাত নেতা গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। তারা হলেন- দলের মুক্তিযুদ্ধকালীন আমির গোলাম আযম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মো. কামারুজ্জামান, মজলিসে শূরার সদস্য মীর কাসেম আলী।
এছাড়া যুদ্ধাপরাধের বিচার চলছে বিএনপির দুই নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আব্দুল আলীমের বিরুদ্ধে। সংসদ সদস্য সালাউদ্দিন কাদের কারাগারে থাকলেও শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন জিয়াউর রহমানের আমলের মন্ত্রী আলীম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১১৩৫ ঘ.
bdnews24