নারায়ণগঞ্জ, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে জেলা যুবলীগের এক নেতাসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
এ সময় বেশ কয়েকটি বাড়িঘর এবং দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়।
বুধবার দুপুরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের বীণাচর গ্রামে এই সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে আছেন- জেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ফারুক (৫৮), তার ভাই রফিকুল ইসলাম (৫২), আরেক ভাই মো. মীরু (৩৮), ভাগিনা রিয়াজ (২৪), ফারুকের বোন কামরুনাহার (২৬), ফরিদা (৩২), তুহিনুর (২০), তার মা সামসুন্নাহার (৭৫), নজরুল ইসলাম (৫২), ফায়েজ (৪০), পনির (৩২), জামান (৩০), জালাল (৩৪), জসিমউদ্দিন (৫০)। অন্যদিকে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আহম্মেদুল কবির উজ্জ্বলের ভাই রাসেল (২২), আমজাদ (২৮), রফিক (৫২), ফয়েজ (৪৫) ও জালাল (৩২)।
আহত ২৫ জনকে উপজেলা স্¦াস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা ১১টার দিকে ইউনিয়নের কালিবাড়ি ও বীণাচর গ্রামের মধ্যবর্তী স্থানে একটি রিকশার সঙ্গে সিএনজি অটো রিকশার সংঘর্ষ হয়।
এতে রিকশার দুই মহিলা যাত্রী আহত হন। এসময় ওই সড়কের পাশ দিয়ে হেটে যাওয়া পথচারী জেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ফারুকের ভাগিনা রিয়াজ ও নুরু সিএনজি অটো রিকশাটিকে আটক করে রাখে।
খবর পেয়ে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আহম্মেদুল কবির উজ্জ্বলের ছোট ভাই রাসেল লোকজন নিয়ে সিএনজি চালকের পক্ষ নিয়ে সিএনজি অটো রিকশাটি ছাড়িয়ে আনতে যায়।
এ নিয়ে তাদের মধ্যে বাগবিত-া ও হাতাহাতির ঘটনা ঘটে। তারা রাসেলকে মারধর করে।
এর পর দুপ্তারা গ্রামের ৩/৪ শ’ মানুষ লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে বীণাচর গ্রামে জেলা যুবলীগ নেতা কামরুজ্জামান ফারুকের বাড়িতে হামলা চালায়। ভাঙচুর করে তার সারের দোকান।
এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন। সংঘর্ষ চলাকালে আড়াইহাজার-ভুলতা সড়কে আধঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ফারুক সাংবাদিকদের বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমপি নজরুল ইসলাম বাবুর নির্দেশে লোকজন তার বাড়িতে হামলা চালায় ও ভাঙচুর করে।
“তারা তার পরিবারের সদস্যসহ এলাকার লোকজনকে মারধর করে জখম করেছে। বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে লুটপাট করে।”
তাৎক্ষণিকভাবে থানা পুলিশে খবর দেওয়া হলেও পুলিশ এক ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছায় বলে ফারুক অভিযোগ করেন।
এ ব্যাপারে আহম্মেদুল কবির উজ্জ্বল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে তার ছোট ভাই রাসেলের সঙ্গে অপর পক্ষের মারামারি হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি ঘটনাস্থলে দেরি করে যাওয়ার অভিযোগ অস্বীকার করেন।
এ ঘটনায় এখনো কোনো পক্ষই মামলা করেনি বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৭৩৩ ঘ.
bdnews24