২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গ্রেনেড হামলায় আওয়ামী লীগের যোগসাজশ ছিল’

২১ অগাস্টের গ্রেনেড হামলার জন্য বিএনপি-জামায়াত জোট সরকারকে দায়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে এক সংবাদ সম্মেলনে পাল্টা অভিযোগ করেন রুহুল কবীর রিজভী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2012, 10:42 AM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতৃত্বাধীন তৎকালীন সরকারকে বিপদে ফেলতে ২০০৪ সালের ২১ অগাস্ট গ্রেনেড হামলা চালানো হয় এবং তাতে আওয়ামী লীগের যোগসাজশ ছিল বলে দাবি করেছে বিএনপি। ২১ অগাস্টের গ্রেনেড হামলার জন্য বিএনপি-জামায়াত জোট সরকারকে দায়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে বুধবার এক সংবাদ সম্মেলনে পাল্টা অভিযোগ করেন রুহুল কবীর রিজভী। তিনি বলেন, “২১ অগাস্টের গ্রেনেড হামলার ঘটনায় আমরা নিন্দা জানাই। এই ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকারমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে যেভাবে বক্তব্য দিচ্ছেন, তা গ্রহণযোগ্য নয়। “সরকারের চারপাশের ব্যর্থতা আড়াল করে জনদৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করতেই তারা (প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকারমন্ত্রী) এরকম অপপ্রচার চালাচ্ছেন।” ২১ অগাস্ট গ্রেনেড হামলার বার্ষিকীর অনুষ্ঠানে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই ঘটনার জন্য বিএনপি-জামায়াত সরকারকে দায়ী করে বক্তব্য দেন। ২০০৪ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার মামলার অধিকতর তদন্তে খালেদার ছেলে তারেক রহমানকে আসামির তালিকায় যোগ করা হয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকার আমলে এই হামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে, যা নিয়ে মামলাও হয়েছে। তখন জজ মিয়া নামে এক ভবঘুরেকে হামলাকারী ‘সাজায়’ সিআইডি, যা পুরো তদন্তকে প্রশ্নের মুখে ঠেলে দেয়। পরে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দেওয়া অভিযোগপত্রে জজ মিয়াকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। জজ মিয়ার বিষয়ে ওই সময়ের সরকারের পদক্ষেপের সাফাই গেয়ে রিজভী বলেন, “জজ মিয়া নিয়ে কোনো নাটক করা হয়নি। সে একজন এন্টি সোস্যাল ব্যক্তি। তার বিরুদ্ধে অনেক সন্ত্রাসী মামলা আছে। তাকে ভালো মানুষ বলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।” তারেক রহমানকে এই মামলার আসামি করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে রিজভী বলেন, “বর্তমান সরকার ক্ষমতায় বসেই দলীয় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবদুল কাহহার আকন্দকে তদন্তের দায়িত্ব দিয়ে সম্পূরক চার্জশিটের মাধ্যমে তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত করেছে। সরকার রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে এই কাজ করেছে।” শেখ হাসিনার সমাবেশে ওই হামলার বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী বলেন, “আমরা মনে করি, একটি অশুভ উদ্দেশ্য দেশপ্রেমিক সরকারকে কলঙ্কিত করতেই এই ঘটনা ঘটানো হয়েছিল। এর সঙ্গে ক্ষমতাসীন দলেরও যোগসাজশ ছিল।” ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গ্রেনেড হামলায় কেন্দ্রীয় নেত্রী আইভী রহমানসহ অন্তত ২৪ জন নিহত হয়। ওই ঘটনার পর তৎকালীন সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে রিজভী বলেন, “ঘটনার পরপরই সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। তদন্তের জন্য যুক্তরাজ্যের স্কটল্যান্ড ইয়ার্ডসহ বিদেশি তদন্ত দলকেও আনা হয়েছিল। কিন্তু তৎকালীন বিরোধী দল তদন্তে কোনো সহযোগিতা করেনি।” গ্রেনেড হামলায় বিএনপি কোনোভাবে জড়িত ছিল না দাবি করে তিনি বলেন, “আমরা ২১ আগস্ট গ্রেনেড হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার চাই।” নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঈদের দিন খুলনার দিঘলিয়া উপজেলার পদ্মবিল এলাকায় বিএনপি নেতা ওলিয়ার মুন্সি হত্যাকাণ্ডের নিন্দা জানানো হয়। এতে জড়িত আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারও দাবি করেন রিজভী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৩৩ ঘ.