২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের মৃত্যুতে সাময়িক মুক্ত কামারুজ্জামান

মায়ের জানাজায় অংশ নিতে প্রায় তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর নেতা মো. কামারুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2012, 09:44 AM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঢাকা/গাজীপুর, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মায়ের জানাজায় অংশ নিতে প্রায় তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর নেতা মো. কামারুজ্জামান। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিন ঘণ্টার জন্য কামরুজ্জামানকে মুক্তির আদেশ দেয়। মিরপুরে মায়ের জানাজায় অংশ নিতে বিকাল ৪টা ২৫ মিনিটে কাশিমপুর কারাগার থেকে বের হন এই জামায়াত নেতা। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে ২০১০ সালের জুলাইয়ে গ্রেপ্তার করা হয়। গত বছরের ২৪ জুন থেকে কাশিমপুর কারাগারে রয়েছেন তিনি। কাশিমপুরের কারাধ্যক্ষ সুভাষচন্দ্র ঘোষ সাংবাদিকদের জানান, বিকাল ৪টা ২৫ মিনিটে কামারুজ্জামানকে মুক্তি দেওয়া হয়। এরপর পুলিশ পাহারায় তাকে মিরপুরে নেওয়া হয়। সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের মধ্যে তাকে আবার কারাগারে ফিরিয়ে আনার নির্দেশনা রয়েছে। জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক মো. ফরমান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৭টা ৪০ মিনিটে কামারুজ্জামানকে কারাগারে ফিরিয়ে আনা হয়। ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমির আব্দুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কামারুজ্জামানের মা সালেহা বেগম বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার সন্ধ্যায় শেরপুরে মারা যান। জানাজার জন্য লাশ ঢাকায় এনে রাখা হয় মিরপুরে কামারুজ্জামানের বাড়িতে। শেরপুরে ফিরিয়ে নিয়ে পারিবারিক কবরস্থানে সালেহা বেগমকে দাফন করা হবে বলে জামায়াত নেতা হালিম জানান। সালেহা বেগম কামারুজ্জামানসহ পাঁচ ছেলে এবং দুই মেয়ে রেখে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমকে/এলএইচ/এসএম/এমআই/২০৩৭ ঘ.