ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মঙ্গলবার নিজ এলাকা মাদারীপুরে অসুস্থ বোধ করলে রাতে ঢাকায় ফিরে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন শাজাহান খান।
হাসপাতালের এক কর্মকর্তা বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্ত্রী উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ে আসেন। তাকে সিসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়। এখন তার অবস্থা স্থিতিশীল।”
নৌমন্ত্রী হাসপাতালে ডা. ফাতেমা বেগমের তত্ত্বাবধানে রয়েছেন।
সিসিইউতে দায়িত্বপালনরত এক চিকিৎসক বলেন, “মন্ত্রী এখন ভালো আছেন। তার রক্তচাপ স্বাভাবিক।”
মঙ্গলবার রাত ৮টার দিকে মাদারীপুরে রাজৈরে জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে ঢাকায় ফেরেন শাজাহান খান।
মন্ত্রী বলছেন, রক্তচাপের সমস্যার কারণে তিনি বিশেষজ্ঞ চিকিৎকদের পরামর্শ নিতে হাসপাতালে এসেছেন।
সিসিইউতে থাকা এক রোগী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মন্ত্রীকে স্বাভাবিক দেখাচ্ছে। তিনি হাসিমুখে সবার সঙ্গে কথা বলছেন।
পরিবহন শ্রমিক নেতা শাজাহান খান মাদারীপুরের একটি আসনে আওয়ামী লীগর সংসদ সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১১৪২ ঘ.
bdnews24