২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূসের পক্ষে আন্দোলনের হুমকি নোমানের

সরকার নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসকে ‘হয়রানি ও গ্রামীণ ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্র’ বন্ধ না করলে চট্টগ্রামের মানুষকে নিয়ে আন্দোলনের হুমকি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2012, 02:12 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

চট্টগ্রাম, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসকে ‘হয়রানি ও গ্রামীণ ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্র’ বন্ধ না করলে চট্টগ্রামের মানুষকে নিয়ে আন্দোলনের হুমকি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। ঈদের পরদিন মঙ্গলবার চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে রাজনীতিবিদ, সাংবাদিক, সংস্কৃতিকর্মীসহ পেশাজীবীদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, “ড. ইউনূসের প্রতি চট্টগ্রামবাসীর বিশেষ দুর্বলতা রয়েছে। তাকে হয়রানি ও গ্রামীণ ব্যাংক ধ্বংসের সরকারি ষড়যন্ত্র বন্ধ না হলে চট্টগ্রামের মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।” নির্ধারিত বয়সের বেশি সময় গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে ইউনূসের নেওয়া বেতন ভাতা এবং ওয়েজ আর্নার হিসাবে বিদেশ থেকে তার আনা টাকা নিয়ে সরকারের তদন্তের সমালোচনা করে সাবেক মন্ত্রী নোমান বলেন, চট্টগ্রামের ‘কৃতিসন্তান’ ইউনূসকে ‘অপদস্থ ও হয়রানি’ করে সরকার হীনমন্যতার পরিচয় দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শিগগিরই সরকারবিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান এই বিএনপি নেতা। তিনি বলেন, “খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে গণবিরোধী সরকারের পতন ঘটানো হবে।” অন্যদের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম, কল্যাণ পার্টির প্রধান সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম, বিএনপির কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ ওয়াহিদুল আলম, উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, নগর সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়য়ের সাবেক উপাচার্য ড. মোহাম্মদ ইনামুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোজাফ্ফর আহমদ চৌধুরী, সাংবাদিক জাহিদুল করিম কচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/২০১০ ঘ.