আল-ইমরান শোভন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
চাঁদপুর, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৪ সালের ২১ অগাস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায় নিহত হাইমচরের সন্তান স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নেতা আব্দুল কুদ্দুস এবং মতলব উত্তরের বাসিন্দা আওয়ামী লীগ কর্মী আতিকুল ইসলামের স্বজনদের কান্না আট বছরেও থামেনি।
উভয় পরিবার অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন।
কুদ্দুসের বৃদ্ধা মা আমেনা বেগম তার জীবদ্দশায় ছেলে হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসি দেখে যেতে চান। আতিকের স্ত্রী লাইলী বেগম তার চার সন্তানের লেখাপড়া চালিয়ে নেওয়ার জন্য সরকারের আর্থিক সহায়তা চেয়েছেন।
কুদ্দুসের বাড়ি হাইমচর উপজেলা সদরের পূর্ব চরকৃষ্ণপুর গ্রামে। কুদ্দুসের বৃদ্ধা মা আমেনা বেগম ও ভাই হুমায়ুন কবির পাটওয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুদ্দুস ২০ অগাস্ট বাড়ি থেকে ঢাকা রওনা হন।
“যাওয়ার সময় সে মাকে বলেছিল, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে ঢাকায় বাড়ি করে তবেই সে বিয়ে করবে। কিন্তু তার আর বিয়ে করা হয়নি,” বলেন হুমায়ূন।
২১ অগাস্ট গ্রেনেড হামলায় কুদ্দুসসহ নিহতদের স্মরণে মঙ্গলবার শোক মিছিল, আলোচনা সভা হয়েছে বলে জানিয়েছেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী।
আতিকের বাড়ি মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর পাঁচআনি গ্রামে। আতিক মারা যাওয়ার পর তার স্ত্রী লাইলী বেগম চারটি নাবালক সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। আতিকই ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
লাইলীর অভিযোগ, আতিক মারা যাওয়ার পর গত ৭ বছরে আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতারা তাদের বাড়িতে যায়নি, কবর জিয়ারত করেনি এবং পরিবারের খোঁজ-খবরও নেয়নি।
অর্থাভাবে এবার কোনো মিলাদ মাহফিলের আয়োজনও করতে পারছেন না বলে জানান লাইলী।
তিনি জানায়, শেখ হাসিনার দেওয়া ১ লাখ টাকার সুদ বাবদ প্রতিমাসে যে ২ হাজার টাকা পান, তা দিয়ে কোনোমতে সংসার চালাচ্ছেন তিনি। পাশাপাশি মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে আরো কিছু টাকা আয় হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫৪ ঘ.
bdnews24