২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশকে নেতৃত্বশূন্য করে দিতে গ্রেনেড হামলা’

বাংলাদেশকে নেতৃত্বশূন্য করতেই ২১ অগাস্টের গ্রেনেড হামলা চালানো হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2012, 05:32 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশকে নেতৃত্বশূন্য করতেই ২১ অগাস্টের গ্রেনেড হামলা চালানো হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শনিবার এক বাণীতে ২০০৪ সালের ২১ অগাস্ট গ্রেনেড হামলা থেকে তাকে রক্ষা করায় দলীয় নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন,“এই দিনে আমাকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্য দিবালোকে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে চালানো হয় বর্বরতম গ্রেনেড হামলা। হামলার লক্ষ্য ছিল স্বাধীনতা, গণতন্ত্র, শান্তি ও উন্নয়নের ধারাকে স্তব্ধ করে দেয়া। হত্যা, ষড়যন্ত্র, জঙ্গিবাদ, সন্ত্রাস ও দুর্নীতির রাজত্বকে চিরস্থায়ী করা। বাংলাদেশকে নেতৃত্বশূন্য করে দেওয়া।” নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেছেন, “বৃষ্টির মতো গ্রেনেড হামলার মধ্যেও আমাদের নেতা-কর্মীরা মানববর্ম রচনা করে সেদিন আমাকে রক্ষা করেন। তবে খুনিদের হামলার শিকার হয়ে শাহাদতবরণ করেন আওয়ামী লীগ নেত্রী বেগম আইভি রহমানসহ আমাদের ২৪ জন নেতা-কর্মী।” ওই গ্রেনেড হামলায় দলীয় নেতা-কর্মী, সাংবাদিক ও নিরাপত্তাকর্মীসহ আহত হন প্রায় পাঁচ শতাধিক। তাদের অনেককেই এখন পঙ্গুত্বের অভিশাপ বহন করতে হচ্ছে। ২১ অগাস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “এ ধরনের নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার করা সরকারের নৈতিক দায়িত্ব। কিন্তু তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার হত্যাকারীদের রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করে। হামলাকারীদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। সব আলামত ধ্বংস করা হয়। তদন্তের নামে এই নারকীয় ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করা হয়।” তিনি বলেন, “কিন্তু সত্যকে কখনও চাপা দেওয়া যায় না। আজ তদন্তের মাধ্যমে বেরিয়ে এসেছে, সেদিনের বিএনপি-জামায়াত জোট সরকারের অনেক পদস্থ ব্যক্তিরা এই হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিল। আমরা আশাবাদী ২১শে আগস্টের হামলাকারী এবং এদের নেপথ্য মদদদাতাদের সুষ্ঠু বিচার বাংলার মাটিতে হবে।” “আমরা চাই, ২১শে অগাস্টের গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও হত্যাকারীদের বিচারের মাধ্যমে এদেশ থেকে হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদের চির অবসান হোক”, আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/১১১৯ ঘ.