ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি নির্বাচনের পর নতুন সরকার কেমন হবে তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও বাংলাদেশের জনগণ প্রতি পাঁচ বছর পর ক্ষমতার পরিবর্তন দেখতে চায় বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ।
স¤প্রতি ভারত সফরকালে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এরশাদ এ কথা বলেন।
সাংবাদিক রুদ্রনীল ঘোষের সঙ্গে আলাপচারিতায় বাংলাদেশের গণতন্ত্র, ভারত-বাংলাদেশ সম্পর্ক ও বাংলাদেশ থেকে ভারতে কথিত অবৈধ অভিবাসন নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাবেক এই সামরিক শাসক।
আগামী নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকারের কর্মকাণ্ডের মূল্যায়ন করতে বললে এরশাদ বলেন, “একটি নির্বাচনের পর দেশে নতুন সরকার আসলে তারা কেমন দেশ চালাবে তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও দেশের জনগণ প্রতি পাঁচ বছর পরে ক্ষমতার পরিবর্তন দেখতে চায়।”
তবে অনেক সমস্যার পরও বর্তমান সরকার ‘ভালই’ করেছে বলে মনে করেন সরকারের এই শরিক।
উপমহাদেশের গণতন্ত্র নিয়ে এক প্রশ্নের জবাবে সাবেক সেনাশাসক এরশাদ বলেন, “দুর্ভাগ্যজনকভাবে এ যাবতকালে বাংলাদেশের সব সংসদই ছিল একদলীয় ও অকার্যকর।”
কার্যকর গণতন্ত্রের জন্য সংসদকে ঠিকমতো পরিচালনা করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
এরশাদের দৃষ্টিতে বাংলাদেশের মানুষ মূলত আওয়ামী লীগপন্থী ও আওয়ামী লীগ বিরোধী- এই দুই শিবিরে বিভক্ত।
“আওয়ামী লীগ সব সময়ই ভারতমুখী। আর আওয়ামী লীগবিরোধী প্রধান দল হলো বিএপি। তবে আমরা সবাই ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই। এমনকি বিএনপিও বাস্তবতাটা জানে এবং তারা এ বিষয়ে সচেতন যে ভারতের সঙ্গে কোনো বৈরিতায় যাওয়া বাংলাদেশের জন্য ভাল হবে না।”
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি নিয়ে চলমান বির্তক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তার ভাবনা জানতে চাওয়া হলে এরশাদ বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আমি শুরু থেকেই একটি ‘কলঙ্ক’ বলে আসছি। এটা নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি এক ধরনের অপমান।”
ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তিস্তার পানি বণ্টন চুক্তি, ছিটমহল হস্তান্তর ও টিপাইমুখে ভারতের বাঁধ নির্মাণকে ‘বড় ইস্যু’ হিসেবে তুলে ধরেন এরশাদ।
তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে এসব বিষয়ে আলোচনা করেছি। তিস্তা চুক্তি হবে বলে তিনি আমাকে জানিয়েছেন। টিপাইমুখ বাঁধ বিষয়ে বাংলাদেশের স্বার্থের ক্ষতি করে এমন কিছু ভারত করবে না বলে তিনি আমাকে আশ্বস্ত করেছেন। তবে ছিটমহলের বিষয়টি একটু জটিল। এ জন্য তাদের সংবিধান সংশোধনের প্রয়োজন এবং ভারত এ বিষয়ে অন্যান্য রাজনৈতিক দলের সমর্থন পাওয়ার চেষ্টা চালাচ্ছে।”
বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচনে তিস্তা চুক্তি না হওয়ার বিষয়টি কতোটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে জানতে চাইলে টাইমস অব ইন্ডিয়াকে এরশাদ বলেন, “এতে কোনো সন্দেহ নেই যে চুক্তি সই হলে তা বাংলাদেশ সরকারের জন্য সহায়ক হবে। আপনার সরকার এ বিষয়টি জানে। আমাদের সাধারণ নির্বাচন ও ২০১৪ সালে আপনাদের সাধারণ নির্বাচনের আগে কিছু একটা হবে বলে আমি আশাবাদী।”
ভারত সরকারের আমন্ত্রণে গত ১২ অগাস্ট ছয় দিনের সফরে ভারতে যান এরশাদ। এই সফরে তিনি ভারতের নতুন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএএইচ/জেকে/১৮৫৫ ঘ.
bdnews24