ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে দলমত নির্বিশেষ সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
তিনি বলেন, “আসুন, অনেক কষ্ট করেছেন, অনেকে চোখের পানি ফেলেছেন, এখন আর নয়। দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্দলীয় সরকার প্রতিষ্ঠার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করি।”
সোমবার দুপুরে ইস্কাটনের লেডিস ক্লাবে কূটনীতিক, বিশিষ্ট নাগরিক ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের খালেদা এ কথা বলেন।
ঈদের মধ্যেও সারা দেশের মানুষ ভাল নেই মন্তব্য করে বিএনপি চেয়ারপার্সন বলেন, সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটায় ঈদের জামাত পড়তে গিয়েও মানুষ খুন হচ্ছে।
“খুলনায় আমাদের দলের এক নেতাকে ঈদের জামাতে নামাজ আদায়ের সময়ে সন্ত্রাসীরা মরে ফেলেছে। কোথাও আজ মানুষের নিরাপত্তা নেই।”
খুলনা পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার সকালে জেলার দিঘলিয়া উপজেলার পদ্মবিলা এলাকায় ঈদের নামজ পড়তে যাওয়ার সময় প্রতিপক্ষের হামলায় নিহত হন ওলিয়ার মুন্সী নামের এক ব্যক্তি। এরপর তার সহযোগীরা নুরুল ইসলাম নামের আরেকজনকে কুপিয়ে হত্যা করে।
ওলিয়ার এলাকায় বিএনপি সমর্থক এবং নুরুল আওয়ামী লীগ সমর্থক হিসাবে পরিচিত।
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, “দেশের মানুষ মোটেই ভালো নেই। উন্নয়ন-অগ্রগতি, আইনশৃঙ্খলা, নিরাপত্তা সব ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে। মানুষ এই সরকারকে চায় না। সরকারের উচিৎ হবে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা।”
নির্দলীয় সরকারের বাইরে কিছু করার চেষ্টা করলে তা সরকারের জন্য ‘অত্যন্ত খারাপ’ হবে বলেও তিনি হুঁশিয়ার করেন।
“দেশের মানুষ সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন চায়। আর এজন্য আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি করেছি। বর্তমান সরকার যদি মনে করে থাকে যে তারা দেশের মানুষের কল্যাণ ও মঙ্গলে কাজ করেছে, তাহলে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা দিয়ে জনগণের রায়ের জন্য তাদের অপেক্ষা করতে হবে।”
বেলা পৌনে ১২টা থেকে এ অনুষ্ঠানের মধ্য দিয়ে খালেদা জিয়া কূটনীতিক, বিশিষ্ট নাগরিক এবং সর্বস্তরের জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
কূটনৈতিক কোরের ডিন শাহের মোহাম্মদ, সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসের আল বুশাইরি, পাকিস্তানের হাইকমিশনার আফরাসিয়াব মেহেদি হাশমী কোরেশী, ইন্দোনেশিয়া,মালয়েশিয়া, কাতারসহ মুসলিম দেশের কূটনীতিকরা বিরোধীদলীয় নেতার সঙ্গে কুশল বিনিময় করেন।
এছাড়া যুক্তরাজ্য, জাপান, কোরিয়া, ভ্যাটিকান সিটি, শ্রীলংকা, জার্মানি, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও বিশ্বব্যাংকসহ দাতা সংস্থার প্রতিনিধিরা খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এফবিসিসিআই সভাপতি একে আজাদের নেতৃত্বে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলও বিএনপি চেয়ারপার্সরনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর এ গণি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, জমির উদ্দিন সরকার, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, সারোয়ারি রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সহ-সভাপতি সাদেক হোসেন খোকা, শমসের মবিন চৌধরী, বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়া সহসভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ, রাজিয়া ফয়েজ, আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক পরাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান, ইনাম আহমেদ চৌধুরী, অধ্যাপক এম এ মান্নান, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, মাহমুদুল হাসান, সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, আন্তর্জাতিক সম্পাদক আসাদুজ্জামান রিপন, নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, যুব দল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ডক্টরস অ্যাসোসিয়েশ-ড্যাব সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন-এ্যাব সভাপতি আ ন হ আখতার হোসেন, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী খান সোহেল, মহিলা দল সভাপতি নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুও ছিলেন।
খালেদা জিয়া অভিযোগ করেন, “জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার নির্যাতনের পথ বেছে নিয়েছে। বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে তারা মিথ্যা মামলা দিচ্ছে। এভাবে নির্যাতন চালিয়ে অতীতে কোনো সরকার ক্ষমতায় টিকে থাকতে পারেনি। এই সরকারও পারবে না।”
কারাগারে আটক সব রাজবন্দিকে মুক্তি দেওয়ারও দাবি জানান বিরোধী দলীয় নেতা।
অন্যদের মধ্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক, গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাপ সভাপতি জেবেল রহমান গানি, লেবার পার্টির সভাপতি মুস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল ডেমোক্রেটি পার্টির মহাসচিব আলমগীর মজুমদারসহ ১৮ দলীয় জোটের নেতারা বিরোধী দলীয় নেতার সঙ্গে কুশল বিনিময় করেন।
বিশিষ্ট নাগরিকদের মধ্যে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, অধ্যাপক এ এস এম ফয়েজ, অধ্যাপক আ ন ম ইউসুফ হায়দার, অধ্যাপক মাহবুবউল্লাহ, অধ্যাপক আবু আহমেদ, সাবেক সচিব আসাফ উদদৌলা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ রউফ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস শহীদ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, কবি মাহমুদ শফিক, আবদুল হাই শিকদার, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামসহ শিক্ষক, শিল্পী, সাহিত্যিক, সাবেক সচিব, দলীয় সাংসদ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও পেশাজীবী নেতারা খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর শিশু-কিশোর, সর্বস্তরের মানুষ ও দলীয় নেতা-কর্মীরা লাইনে দাঁড়িয়ে খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
কূটনীতিক ও অতিথিদের সেমাই, জর্দা, মিষ্টি ও ফল দিয়ে আপ্যায়ন করেন খালেদা জিয়া।
ইস্কাটনে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে দুপুর ২টায় শেরে বাংলা নগরে খালেদা জিয়া দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফাতেহা পাঠ ও পুস্পমাল্য অর্পণ করেন। দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৬৪০ ঘ.
bdnews24