খুলনা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার দিঘলিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে পাল্টাপাল্টি হামলায় আওয়ামী লীগ ও বিএনপির দুই সমর্থক নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সোমবার সকালে দিঘলিয়া উপজেলার পদ্মবিলা এলাকায় এ ঘটনা ঘটে।
দিঘলিয়া থানার ওসি আলী নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহত নুরুল ইসলাম (৫০) আওয়ামী লীগের সমর্থক এবং ওলিয়ার মুন্সী (৬০) বিএনপির সমর্থক। তবে পূর্ব শত্র“তার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
হামলায় গুরুতর আহত নুরুল ইসলামের ছেলে শান্তকে (১৮) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আলী নেওয়াজ জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ওলিয়ার মুন্সী ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় নুরুল ইসলামের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ সময় নুরুল ইসলামের সহযোগীরা ওলিয়ারকে কুপিয়ে গুরুতর আহত করে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
এ খবর পেয়ে ওলিয়রের সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে নুরুল ইসলাম ও শান্তকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে হাসপাতালে নেওয়ার পর নুরুল ইসলামও মারা যান।
এ ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএএইচ/জেকে/১৭১৭ ঘ.
bdnews24