ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহানবী মুহাম্মদ (স.) এর সমাধিস্থল মদিনায় তার স্মৃতি বিজড়িত মসজিদে নববীতে বুধবার বিশেষ ইবাদতে বসেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
খালেদার প্রেসসচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেদ্দা থেকে সকালে বিমানযোগে মদিনা পৌঁছান বিএনপি চেয়ারপারসন।
“বিরোধীদলীয় নেতা দুপুরের পর থেকেই মসজিদে নব্বীতে ইবাদত-বন্দিগীতে বসেছেন,” বলেন মারুফ।
খালেদা জিয়া মহানবীর রওজা জিয়ারত করবেন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মোনাজাত করবেন বলে জানান প্রেসসচিব।
খালেদার সঙ্গে তার ছোট ছেলে আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমান, ছোট ভাই শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমাসহ পরিবারের সদস্যরাও রয়েছেন।
বিরোধীদলীয় নেতা এর আগে শুক্রবার মক্কায় ওমরাহ পালন করেন।
গত ৮ আগস্ট খালেদা জিয়া সৌদি আরব যান। আগামী ১৭ অগাস্ট তার দেশে ফেরার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২০২২ ঘ.
bdnews24