২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দুর্নীতিবাজদের ভালো মানুষের সার্টিফিকেট দিচ্ছে দুদক’

দুর্নীতি দমন কমিশন (দুদক) ‘দুর্নীতিবাজদের’ ভালো মানুষের সার্টিফিকেট দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 04:46 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশন (দুদক) ‘দুর্নীতিবাজদের’ ভালো মানুষের সার্টিফিকেট দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। বুধবার বিকালে ইফতারপূর্ব এক আলোচনা সভায় তিনি বলেন, “রেলওয়ের ঘুষ কেলেঙ্কারি ঘটনার কালো বিড়াল ধরতে গিয়ে দুদক আজো সংবাদ সম্মেলনে বলেছে, মাননীয় মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির কোনো তথ্য প্রমাণ তারা পায়নি। এটি সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।” বুধবার দুদক সচিব ফয়জুর রহমান চৌধুরী কমিশন কার্যালয়ে সাংবাদিকদের বলেন, সাবেক রেল মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদারের ব্রিফকেসে থাকা ৭০ লাখ টাকা তিনি কার কাছ থেকে পেয়েছেন এবং কোথায় নিয়ে যাচ্ছিলেন সে সম্পর্কে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে এম কে আনোয়ার বলেন, দুদুক না জানলেও সারাদেশের মানুষ জানে সেইদিন রাত ২টায় এপিএস’র গাড়িটি ৭০ লাখ টাকা নিয়ে কেন মন্ত্রীর বাসায় গিয়েছিলো। তারপরও দুদক বলছে, তারা তথ্য প্রমাণ পাচ্ছে না। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, বিএনপি ২০০৪ সালে আইন প্রণয়ন করে দুর্নীতি দমন কমিশন গঠন করে। কিন্ত দুদককে কার্যকর করতে পারেনি। গত ৯ এপ্রিল রাতে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের ফটকে সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারী ওমর ফারুক তালুকদারের গাড়িতে বিপুল অর্থ পাওয়ার খবর প্রকাশের পর তা নিয়ে শোরগোল শুরু হয়। গণমাধ্যমের খবরে বলা হয়, ফারুকের সঙ্গে সেদিন ৭০ লাখ টাকা পাওয়া যায়, যা রেলে নিয়োগে ঘুষ হিসেবে নেওয়া হয়েছিল। রেলের জিএম ইউসুফ এবং কমান্ড্যান্ট এনামুল হকও ওই গাড়িতে ছিলেন। নয়া পল্টনের একটি হোটেলে ঢাকাস্থ চাঁদপুর-হাইমচর ও ফরিদগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের উদ্যোগে ‘কেমন গণতন্ত্র চাই’ শীর্ষক এই আলোচনা সভা ও ইফতার পার্টির আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সাবেক সাংসদ অধ্যাপক মুহাম্মদ আবদুল্লাহ, বিএনপির কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন বেঙ্গল, কামাল উদ্দিন চৌধুরী, সংগঠনের আবু তাহের পাটোয়ারি, নুরুল আমিন চুন্নু, আহমেদ আলী, বিল্লাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশনেত্রী ফোরামের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার বলেছেন, সরকার দেশের যে অবস্থা করেছে নিদর্লীয় সরকারের অধীনে আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকার ও এরশাদকেই জনগণ মাইনাস করবে। সাবেক এই উপমন্ত্রী আরো বলেন, তাই ‘স্বৈরাচার’ এরশাদ সাহেব বিরোধী দলীয় নেতাকে মাইনাস করার যত চিৎকারই করুন না কেন তা কাজে আসবে না। এ লক্ষ্যে ঈদের পর এক দফা আন্দোলন শুরু করা হবে বলেও জানান তিনি। সংগঠনের সভাপতি শহীদ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে সংগঠনের উপদেষ্টা সালেহ মো. মাজেদ, নাগরিক সংসদের সভানেত্রী খালেদা ইয়াসমীন প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২৪৫ ঘ.