২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলের উপস্থিতিতে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

সিলেটে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 02:59 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

সিলেট, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে। মঙ্গলবার নগরীর পাঠানটুলায় একটি কমিউনিটি সেন্টারে আলোচনা ও ইফতার মাহফিলে এ সংঘর্ষ হয়। এর একপক্ষে ছিল মহানগর ছাত্রদল সভাপতি জিয়াউল আরেফিন গণি জিল্লুর সমর্থক এবং অপরপক্ষে ছিল জেলা সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক চৌধুরীর সমর্থকরা। সিলেট মহানগর বিএনপি স্থানীয় সানরাইজ কমিউনিটি সেন্টারে ইলিয়াস আলীর সন্ধান কামনা, বিভাগীয় বিএনপি নেতৃবৃন্দের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংঘর্ষের সময় তিনি কমিউনিটি সেন্টারটির দোতলায় অবস্থান করছিলেন। তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মুবীন চৌধুরীসহ জেলা ও মহানগর কমিটির নেতারা। এ সময় বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরাও উপস্থিত ছিলেন। ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য ও জেলা সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইফতারের আগে কমিউনিটি সেন্টারের দোতলায় ওঠা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে তার পক্ষের উসমান গণি, মুক্তার আহমদ, সাদিকুর রহমান নয়ন ও মাহবুবুর রহমান সৌরভসহ কয়েকজন আহত হন বলে তিনি দাবি করেন। মহানগর ছাত্রদল সভাপতি জিয়াউল আরেফিন গণি জিল্লুর বলেন, সামান্য ভুল বোঝাবুঝি নিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। এতে কয়েকজন সামান্য আহত হয়েছেন। বিএনপি নেতাদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৫০ ঘ.