২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আনুষ্ঠানিক’ প্রস্তাব চায় বিএনপি

নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক প্রস্তাব দিলে বিএনপি তা বিবেচনা করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 11:09 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

সিলেট, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক প্রস্তাব দিলে বিএনপি তা বিবেচনা করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির অংশগ্রহণে নির্বাচনকালীন সরকার গঠন করা যেতে পারে বলে স¤প্রতি প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রসঙ্গে মঙ্গলবার সিলেটে এ কথা বলেন তিনি। দুপুরে সিলেট এমসি কলেজের পুড়িয়ে দেওয়া ছাত্রাবাস পরিদর্শন শেষে ফখরুল সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রীর প্রস্তাব রাখতে হবে। আমাদের জানাতে হবে আনুষ্ঠানিকভাবে। একমাত্র তখনই এটা নিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে বিবেচনা করব।” প্রধানমন্ত্রী জুলাইয়ের শেষ দিকে লন্ডনে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে যে প্রস্তাব তোলেন- গত ৩ অগাস্ট বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তা নাকচ করা হয় বলেও জানান ফখরুল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সাক্ষাৎকারে বলেন, বিএনপি চাইলে তাদের নিয়ে ছোটো মন্ত্রিসভা করে আগামী জাতীয় সংসদ নির্বাচন করা যেতে পারে। এজন্য বিএনপিকে সংসদে এসে প্রস্তাব দেওয়ারও আহ্বান জানান তিনি। গত বছরের ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। তারপর থেকেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছে বিএনপিসহ বিরোধী দলগুলো। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এমসি কলেজের ছাত্রাবাস পোড়ানোর জন্য দায়ীদের গ্রেপ্তারের দাবি জানান এবং পরে ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর বাড়ি বিশ্বনাথে যান। বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী সোহেল, সিলেট জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি দিলদার হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী ও যুবদল নেতা কাইয়ুম চৌধুরী এ সময় ফখরুলের সঙ্গে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিরিধি/এমএইচপি/এএইচ/১৭০৯ ঘ.