২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডিসেম্বরের মধ্যে ৫ যুদ্ধাপরাধীর বিচার’

আগামী ডিসেম্বরের মধ্যে মানবতাবিরোধী অপরাধের মামলার অন্তত পাঁচ আসামির বিচার শেষে হবে বলে আশা প্রকাশ করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 10:45 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আগামী ডিসেম্বরের মধ্যে মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন পাঁচ থেকে ছয় জনের বিচার শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের বলেন, “আমরা আশা করছি, ডিসেম্বরের মধ্যে পাঁচ থেকে ছয় জনের বিচারকাজ শেষ হবে। সে পর্যন্ত আমাদের সময় দিতে হবে।” আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটিসহ পাঁচটি সংগঠনের পক্ষ থেকে গত সোমবার সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী এ কথা বলেন। একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহায়ক মঞ্চ, সেক্টর কমান্ডার্স ফোরাম, বাংলাদেশ মহিলা পরিষদ ও প্রজন্ম একাত্তর ওই সংবাদ সম্মেলনে যোগ দেয়। তাতে ঘাতক-দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কয়েক হাজার সাক্ষীর সাক্ষ্য নিয়ে বিচার করতে ২০০ বছর লাগবে।” ট্রাইব্যুনালকে স্বাধীন করে দেওয়ার দাবিও তোলেন তারা। সংবাদ সম্মেলনকারীদের উদ্দেশে আইন প্রতিমন্ত্রী বলেন, “বিচার প্রক্রিয়া একটি পরিণতির দিকে এগোচ্ছে। বিভ্রান্তি ছড়িয়ে যারা এ বিচার বাধাগ্রস্ত করতে চায় তাদের সুযোগ করে দেবেন না। একটু অপেক্ষা করুন, আমাদের সময় দিন।” ট্রাইব্যুনালকে স্বাধীন করে দেওয়ার দাবি প্রসঙ্গে তিনি বলেন, ট্রাইব্যুনাল আর্থিক ও প্রশাসনিকভাবে স্বাধীন। কামরুল ইসলাম বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে অনেকে ‘আন্তর্জাতিক ট্রাইব্যুনাল’ বলে বিভ্রান্তি ছড়াচ্ছে। কিন্তু এটি দেশীয় আইনে গঠিত দেশীয় ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুন্যালে দেশীয় ও আন্তজার্তিকভাবে স্বীকৃত আইনে অপরাধীদের বিচার হচ্ছে। “জনমনে বিভান্তি সৃষ্টির প্রয়োজন নেই, বিভ্রান্তি সৃষ্টি করে বিচার বাধাগ্রস্ত করা উচিৎ নয়। বিভান্তি সৃষ্টি হয় এ ধরনের কথা বলাও উচিত নয়। প্রশ্ন উত্থাপিত হলে যারা বিচার বাধাগ্রস্ত করতে চায় তাদের সহায়ক হবে।” একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক ও বর্তমান আমিরসহ সাত শীর্ষ নেতা এবং বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী ও আব্দুল আলীমের বিচার চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/জেকে/১৬৩৮ ঘ.