ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপক্ষের আর্জির পরিপ্রেক্ষিতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৫ এর কার্যক্রমে স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাই কোর্ট।
বিরোধী দলীয় নেতাদের বিরুদ্ধে হরতালে গাড়ি পোড়ানোর মামলাটি এ আদালতে বিচারাধীন।
মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এই আদেশ দেয়।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাদেরকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান, সহকারী অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।
রিট আবেদনকারী বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকনের পক্ষে আদালতে ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার মওদুদ আহমদ।
পরে খোকনের আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক সাংবাদিকদের বলেন, “অ্যাটর্নি জেনারেলের কথা অনুযায়ী আদালত আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছে। এখন হাই কোর্টের স্থগিতাদেশ বহাল রইলো। আর তাদের আবেদনটির ভাগ্যে কী ঘটেছে, তা জানতে আদালত খোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে।”
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, “আদালত গঠন নিয়ে আমরা কয়েকটি গেজেট খুঁজে পেয়েছি। আরো কোন গেজেট আছে কি-না, তা খুঁজে বের করতেই আমরা আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেওয়ার আবেদন করেছি।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা প্রত্যাহারের আবেদনটি না চালনোর সিদ্ধান্ত নেইনি। বরং আরো কী করা যায়-তা ভেবে দেখছি।”
“আদালতের কার্যক্রমের উপর স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদনটি কার্যতালিকা থেকে বাদ যাওয়ায় ওই স্থগিতাদেশ অব্যাহত থাকবে। আগামী ছুটিতে বা ছুটির পরে আমরা আবেদনটি (স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন) নিয়ে আবার অগ্রসর হবো।”
আগামী ১৫ অগাস্ট থেকে সুপ্রিম কোর্টে টানা ছুটি শুরু হচ্ছে। জাতীয় শোক দিবস, ঈদুল ফিতর, বাৎসরিক ছুটি মিলিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর আদালত খুলবে। এ সময় হাই কোর্টের নিয়মিত আদালতগুলো বসবে না। তবে ২২ অগাস্ট থেকে অবকাশকালীন বেঞ্চ বসবে।
বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন হাই কোর্টে একটি রিট আবেদন করলে বিচারপতি নাঈমা হায়দার ও মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ গত ৬ অগাস্ট ট্রাইব্যুনাল-৫ এর কার্যক্রমে আট সপ্তাহের স্থগিতাদেশ দেয়।
সেইসঙ্গে ওইদিন একটি রুলও জারি করে হাই কোর্ট। গেজেট জারি না করে মুখ্য মহানগর হাকিমের দেওয়া আদেশের মাধ্যমে ৫ নম্বর দ্রুত বিচার আদালত গঠন ও বিচারকের এখতিয়ার নির্ধারণ কেন অবৈধ এবং আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন-২০০২ এর ৮ ধারার সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয় ওই রুলে।
এরপর গত ১২ অগাস্ট আইন মন্ত্রণালয়ের পক্ষে জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ শাহিন উদ্দিনের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইকরামুল হক টুটুল স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন করেন, যার উপর শুনানি হয় সোমবার।
গত ২৯ এপ্রিলের হরতালে গাড়ি পোড়ানোর ওই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলীয় জোটের ৪৬ শীর্ষ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। ফখরুলসহ মামলার ৩৬ আসামি বর্তমানে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৬৩৬ ঘ.
bdnews24