ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুষ্টি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার সকাল ৮টা ৪৮ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
তিন দিনের এই সফরে গত শনিবার লন্ডনের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। সেখানে তিনি অবস্থান করেন হোটেল সেইন্ট প্যানক্রাস রেনেসাঁয়।
রোববার বিকালে ১০ ডাউনিং স্ট্রিটে শেখ হাসিনা গ্লোবাল নিউট্রিশন সম্মেলনে যোগ দেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং ব্রাজিলের উপরাষ্ট্রপতিও এই সম্মেলনে অংশ নেন।
রোববার সন্ধ্যায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়কমন্ত্রী অ্যান্ড্রু মিশেল হোটেল সেইন্ট প্যানক্রাস রেনেসাঁয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এই সফরে শেখ হাসিনার সঙ্গে ছিলেন।
অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে গত মাসের শেষের দিকেও লন্ডন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। পাঁচ দিনের ওই সফর শেষে তিনি ৩০ জুলাই দেশে ফেরেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১১০০ ঘ.
bdnews24