চট্টগ্রাম, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্রের নির্দেশেই দূরে থাকা নেতাদের সাথে বিভক্তি নিরসনের উদ্যোগ নিয়েছেন বলে জানালেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।
সোমবার সন্ধ্যায় নগরীর ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে ইফতার শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক এই মেয়র বলেন, “কেন্দ্র থেকে নির্দেশ আছে। এখন ঐক্য প্রক্রিয়া আরম্ভ হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারসহ জাতীয় সংকটে কেউ দ্বিধাবিভক্ত থাকুক তা আমরা কেউই চাই না, থাকা উচিতও না। এই মুহূর্তে বিভক্তি রাখাও ঠিক হবে না।”
আগামী ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি বিবদমান পক্ষের সব নেতাদের সঙ্গে নিয়ে পালনের উদ্দেশ্যে মহিউদ্দিন চৌধুরী গত বৃহস্পতিবার রাতে নগর কমিটির সহ-সভাপতি সাংসদ নুরুল ইসলাম বিএসসি’র বাসায় যান।
এর পরদিন রাতে যান নগর যুগ্ম সাধারণ সম্পাদক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফসারুল আমীনের বাসায়। এসময় নগর সভাপতি মহিউদ্দিন তাকে অনুষ্ঠানে আসার দাওয়াত দেন এবং দুই নেতার সঙ্গে রাজনৈতিক আলাপও করেন।
নগর রাজনীতিতে মহিউদ্দিনের বিরোধী বলে পরিচিত আওয়ামী লীগের দুই নেতাই জাতীয় শোক দিবসের কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে অংশ গ্রহণের বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছেন বলে মনে করেন মহিউদ্দিন চৌধুরী।
মহিউদ্দিনের এ আহবানে সাড়াও দিয়েছেন আফসারুল আমীন ও নুরুল ইসলাম বিএসসি।
দলে বিভক্তি প্রসঙ্গে মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, “আমি কাউকে ছোট-বড় বা পর মনে করি না। আমি ১৪ দলের নেতাদের বাসায়ও যাই। উনারা তো আমার দলের।”
এই উদ্যোগ নগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পূর্বাভাস কি না জানতে চাইলে তিনি বলেন, “পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী। কমিটি কী রকম হবে তা ঠিক করবেন তিনিই।”
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নগরীর চারটি সংসদীয় আসনে আগামী নির্বাচনে জয়ী হতেই কেন্দ্রের নির্দেশে ঐক্যের এই উদ্যোগ।
আগামী নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনার কথা উল্লেখ করে মহিউদ্দিন চৌধুরী বলেন, গত নির্বাচনে নগরীর চার আসনে আমরা জয়ী হয়েছি। আগামী নির্বাচনেও তা ধরে রাখতে চাই। চট্টগ্রামের আওয়ামী লীগকর্মীরা ঐক্যবদ্ধ।
নির্বাচনে প্রার্থী হবেন কি-না জিজ্ঞেস করা হলে মহিউদ্দিন বলেন, রাজনীতি করলে নির্বাচনে সবাই প্রার্থী হতে চান। তবে তিনি এখনো সেরকম কোনো সিদ্ধান্ত নেননি বলে জানালেন।
আগামী ১৫ অগাস্ট নগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর মুসলিম হলে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
নগর কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসি এ প্রসঙ্গে সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাতির পিতার কর্মসূচিতে নিজেদের মধ্যে বিভেদ রাখা ঠিক হবে না। আমরা এ কর্মসূচিতে একসাথে অংশ নেব।”
ওইদিন বিকালে নগরীর দোস্ত বিল্ডিং এ তার অনুসারী নেতাকর্মীদের নিয়ে শোক দিবসের পৃথক কর্মসূচি ঘোষণা করা হলেও তা স্থগিত করা হয়েছে বলেও নুরুল ইসলাম জানান।
গত সংসদ নির্বাচনের আগে থেকেই মহিউদ্দিনের সাথে আফসারুল আমীন ও নুরুল ইসলামের বিরোধ স্পষ্ট হয় এবং নানা কর্মসূচিতে তার প্রতিফলন ঘটে।
এরপর আফসারুল আমীন ও নুরুল ইসলাম একত্রে নগর আওয়ামী লীগের ব্যানারে আলাদা কর্মসূচি পালন শুরু করেন।
বিরোধের এক পর্যায়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনা দুই পক্ষকেই একসঙ্গে কাজ করার নির্দেশ দিলেও তা কার্যকর হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২২৩৫ ঘ.
bdnews24