চট্টগ্রাম, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, দেশে গভীর রাজনৈতিক সংকট চলছে। কষ্টার্জিত গণতন্ত্র এখন হুমকির সম্মুখীন।
সোমবার বিকালে রাজনীতিবিদ, পেশাজীবী ও সংস্কৃতি কর্মীদের সম্মানে আয়োজিত এক ইফতার পার্টিতে তিনি একথা বলেন।
সাবেক এই মন্ত্রী আরো বলেন, “গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা কোনো একটি দলের পক্ষে সম্ভব নয়। দলমত নির্বিশেষে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠা করতে পারলে কোনো অপশক্তিই আমাদের কষ্টার্জিত গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাৎ করতে পারবে না।”
আব্দুল্লাহ আল নোমানের সংসদীয় এলাকার পাহাড়তলীতে একটি কমিউনিটি সেন্টারে এই ইফতারের আয়োজন করা হয়।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২২০০ ঘ.
bdnews24