২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি পোড়ানো মামলায় ট্রাইব্যুনালের স্থগিতাদেশ শুনানি মঙ্গলবার

বিরোধী দলীয় নেতাদের বিরুদ্ধে হরতালে গাড়ি পোড়ানোর মামলা যে আদালতে বিচারাধীন, সেই দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৫ এর কার্যক্রমে স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদনের অবশিষ্ট শুনানি হবে মঙ্গলবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2012, 01:48 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতাদের বিরুদ্ধে হরতালে গাড়ি পোড়ানোর মামলা যে আদালতে বিচারাধীন, সেই দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৫ এর কার্যক্রমে স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদনের অবশিষ্ট শুনানি হবে মঙ্গলবার। সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে আংশিক শুনানি শেষে এই সময় নির্ধারণ করা হয়্। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। রিট আবেদনকারী বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম। এছাড়া ব্যারিস্টার মওদুদ আহমদও শুনানিতে বক্তব্য রাখেন। বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন হাই কোর্টে একটি রিট আবেদন করলে বিচারপতি নাঈমা হায়দার ও মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ গত ৬ অগাস্ট ট্রাইব্যুনাল-৫ এর কার্যক্রমে আট সপ্তাহের স্থগিতাদেশ দেয়। সেইসঙ্গে একটি রুলও জারি করে হাই কোর্ট। গেজেট জারি না করে মুখ্য মহানগর হাকিমের দেওয়া আদেশের মাধ্যমে ৫ নম্বর দ্রুত বিচার আদালত গঠন ও বিচারকের এখতিয়ার নির্ধারণ কেন অবৈধ এবং আইন-শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) আইন-২০০২ এর ৮ ধারার সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয় ওই রুলে। আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহাসহ বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইকরামুল হক টুটুল গত রোববার স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন করেন। গত ২৯ এপ্রিলের হরতালে গাড়ি পোড়ানোর ওই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলীয় জোটের ৪৬ শীর্ষ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। ফখরুলসহ মামলার ৩৬ আসামি বর্তমানে জামিনে রয়েছেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আইনে বলা আছে, আদালত গঠন গেজেটের মাধ্যমে হতে হবে। সেটা হয়েছে। তাদের অধিক্ষেত্রও নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিচারক নিয়োগে গেজেট হওয়ার দরকার নেই। কারণ, আইনে তেমনটি বলা হয়নি। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সিএমএম সংশ্লিষ্ট আদালতে বিচারক নিয়োগ দিয়েছেন। তা যথাযথভাবেই হয়েছে। তাই দ্রুত বিচার আদালত-৫ এর কার্যক্রমে স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন করছি। জবাবে রিট আবেদনকারীর আইনজীবী আহসানুল করিম বলেন, আমরা যখন রিট আবেদন করেছি তখন যে অবস্থায় ছিল, এখনও সে অবস্থায় আছে। অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তিনি বলেন, বিচারকদের নামের তালিকা সম্বলিত গেজেট দাখিল করে সরকারই প্রমাণ করলো যে নতুন করে কোনো বিচারক নিয়োগ করতে হলেও গেজেট জারি করতে হবে। সরকার স্থগিতাদেশ প্রত্যাহারের সমর্থনে যে গেজেট দাখিল করেছে তাতে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ ও মো. এরফান উল্লাহর নাম নেই। জবাবে আহসানুল করিম বলেন, আইন অনুযায়ী প্রত্যেক আদালতের অধিক্ষেত্র নির্ধারণ করে গেজেট প্রকাশ করতে হবে। কিন্তু সরকারি গেজেটে অধিক্ষেত্রের উল্লেখ নেই। সেটি একটি বিচারকের তালিকা মাত্র। তিনি বলেন, এই মামলায় সংশ্লিষ্ট ৭ নম্বর আদালতের বিচারক মো. এরফান উল্লাহ অভিযোগ আমলে নিয়েছে। এরপর ৫ নম্বর আদালতের বিচারক হারুন অর রশিদ অভিযোগ গঠন করেছেন। সরকারের দাখিল করা গেজেট অনুযায়ী এই ৫ ও ৭ নম্বর আদালতের তেজগাঁও থানা এলাকার মামলার বিচার করার এখতিয়ার নেই। তেজগাঁও ২ নম্বর আদালতের অধিক্ষেত্র। সিএমএম’র ক্ষমতা প্রসঙ্গে আহসানুল করিম বলেন, সিএমএম যে নোটিশ দিয়েছেন, তাতে ৭ নম্বর আদালতের অধিক্ষেত্র দেখানো হয়েছে তেজগাঁও। তেজগাঁও ৫ নম্বর আদালতের অধিক্ষেত্র নয়। তাই ৫ নম্বর আদালত তেজগাঁও থানার মামলার অভিযোগ গঠন করতে পারে না। সুতরাং এই ৫ ও ৭ নম্বর আদালতে তেজগাঁও থানার মামলা আমলে নেওয়া ও অভিযোগ গঠন বেআইনি। আহসানুল করিমের শুনানি চলাকালে অ্যাটর্নি জেনারেল অন্য একটি আদালতে চলে যান। তিনি রেখে যান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমানকে। আহসানুল করিমের উথাপিত প্রশ্নগুলোর জবাবে রাষ্ট্রের জবাব জানতে চাইলে এম কে রহমান বলেন, অ্যাটর্নি জেনারেলই এগুলোর জবাব ভালোভাবে দিতে পারবেন। পরে আদালত মঙ্গলবার সকালে আবেদনটি শুনানির জন্য রেখে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/১৯১৮ ঘ.