ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্দলীয় সরকারের দাবি না মানলে রাজপথের আন্দোলনে তার ফয়সালা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার জাতীয় প্রেসক্লাবে এক এক আলোচনা সভায় তিনি বলেন, “আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হানিফ সাহেব বলেছেন, নির্দলীয় সরকারের দাবি কোনোমতেই মেনে নেওয়া হবে না। আমরা জানি, জামানত বাজেয়াপ্ত হবে- এই ভয়ে নির্দলীয় সরকার আপনারা মানতে চাচ্ছেন না।
“আমরা সরকারকে বলতে চাই, দাবি না মানলে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে বর্তমান সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।”
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালে বিরোধী দলের দাবি প্রত্যাখ্যান করে শনিবার এর আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেন, “নির্দলীয় নয়, দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে।”
জাতীয় প্রেসক্লাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের উদ্যোগে ‘ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প, চীনের ড্যাম এবং বাংলাদেশের পানি সঙ্কট মোকাবেলায় গৃহীত পদক্ষেপ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন ফফরুল।
তিনি বলেন, “সরকার রাষ্ট্র পরিচালনা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা বুঝতে পেরেছে, জনগণ তাদের সঙ্গে নেই। এজন্য তারা নিজস্ব প্রশাসন ও তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে।”
সরকারের সমালোচনা করে ফখরুল আরো বলেন, “সরকারপ্রধান ভারত সফরে গিয়ে ৫০ দফা সমঝোতা স্মারক সই করে এসেছেন। এর মাধ্যমে বন্দর সুবিধাসহ অনেক কিছু দিয়ে এসেছেন। কিন্তু বিনিময়ে তিস্তার পানি এক ফোঁটাও আনতে পারেননি।
“ভারত নিজেদের স্বার্থ রক্ষা করে এ অঞ্চলে পরাশক্তি হওয়ার লক্ষ্য নিয়ে এগুচ্ছে। অথচ আমরা আমাদের স্বার্থ বিকিয়ে দিয়ে আসছি। এভাবে জনগণের সঙ্গে সরকার প্রতারণা করছে।”
সভায় মূল প্রবন্ধ পড়ে শোনান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামান।
সংগঠনের আহবায়ক আবদুল আউয়াল মোল্লা‘র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, আমার দেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২২৪৫ ঘ.
bdnews24