২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অরক্ষিত সীমান্ত দিয়ে মাদক আসছে: মোশাররফ

সীমান্ত অরক্ষিত বলে প্রতিবেশি দেশ থেকে অবাধে ফেনসিডিলসহ মাসকদ্রব্য আসছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 11:01 AM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্ত অরক্ষিত বলে প্রতিবেশি দেশ থেকে অবাধে ফেনসিডিলসহ মাসকদ্রব্য আসছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। রোববার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, “সীমান্তরক্ষী বাহিনী বিডিআরকে ধ্বংস করে আজ সীমান্তকে অরক্ষিত করে ফেলা হয়েছে। আমাদের সম্ভাবনাময় যুব ও ছাত্র সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রতিবেশি দেশ থেকে ফেনসিডিল, ইয়াবাসহ মাদকদ্রব্য আনা আসছে। এটা গভীর একটি ষড়যন্ত্রের অংশবিশেষ।’’ মোশাররফ অভিযোগ করেন, “ বাংলাদেশ যাতে সামনের দিকে এগিয়ে যেতে না পারে, সেজন্যই দেশের বাইর থেকে মাদক দিয়ে নতুন প্রজন্মকে বিপথে পরিচালিত করা হচ্ছে।” মাদক দ্রব্যের ব্যবহার রোধ করতে হলে সামাজিক আন্দোলন গড়ে তোলা ছাড়া বিকল্প নেই উল্লেখ করে সাবেক স্বাস্থ্যমন্ত্রী বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী ও কার্যকরী পদক্ষেপ নিতে হবে। দেশে মাদক বিরোধী আইন রয়েছে, কিন্তু তার যথাযথ প্রয়োগ নেই।” জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ পেট্রিয়টিক ইয়ুথ ফোরাম ও রেইনবো ফাউন্ডেশনের উদ্যোগে “যুব সমাজের অবক্ষয় রোধে মাদক দ্রব্যের অপব্যবহার বন্ধে করণীয়’ শীর্ষক এই আলোচনা সভা হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন ডা. শেখ হাবিবুর রহমান। সংগঠনের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন হ এহছানুল হক মিলন, যুব দল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু , পেট্রিয়টিক ফোরামের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান প্রমূখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৬৫৮ ঘ.