২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘একাত্তরের ঘাতক ও বিএনপিকে আলাদা ভাবার উপায় নেই’

“জিয়াউর রহমানই পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। কারণ জিয়া একাত্তরের ঘাতকদের প্রতিনিধি”- বলেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 10:58 AM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে বিএনপি ঈদের পর দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টির চেষ্টা করতে পারে বলে মনে করছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। আন্দোলনের নামে বিরোধীদলের এই ‘অপরাজনীতি’ প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী বলেন, “এ সরকারের মেয়াদের মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচার শেষ করা হবে। এটা বুঝেই তারা (বিএনপি) মরণ-কামড় দেবে।” কামরুল বলেন, “কিছু বিপথগামী সৈন্য নয়, জিয়াউর রহমানই পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। কারণ জিয়া একাত্তরের ঘাতকদের প্রতিনিধি। একাত্তরের ঘাতক ও বিএনপিকে বিচ্ছিন্ন করে দেখার কোনো উপায় নেই।” ২০০৪ সালে তৎকালীন জোট সরকারের প্রত্যক্ষ মদদেই ২১ অগাস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা উপর গ্রেনেড হামলা হয়েছে বলেও তিনি দাবি করেন। ‘দেশে অরাজকতা সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না’- এমন মন্তব্য করে কামরুল বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার শেষ করার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের পক্ষ ও বিপক্ষ শক্তির বিভাজন দূর করা হবে।” তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে ‘ইস্যু’ করে বিএনপি আবারো ১/১১ ফিরিয়ে আনতে চায় বলেও অভিযোগ করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি বলেন, নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত অন্তবর্তী সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে অন্তবর্তী সরকারে বিএনপিকেও যোগ দিতে বলেন তিনি। ‘যুদ্ধাপরাধীদের পুনর্বাসন, জঙ্গিবাদ, সা¤প্রদায়িক রাজনীতির উত্থান; গণতন্ত্র ও আইনের শাসন; মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের হত্যা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কৃষক লীগের সহ-সভাপতি এ এম করীম সভায় বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৬৫৫ ঘ.