২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর উপ-নির্বাচনের তফসিল ২৩ অগাস্ট

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ জানিয়েছেন, আগামী ২৯ অথবা ৩০ সেপ্টেম্বর এ আসনে উপ-নির্বাচন হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 09:59 AM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতা তানজিম আহমেদ সোহেল তাজ পদত্যাগ করায় গাজীপুরের শূন্য আসনে উপ-নির্বাচনের তফসিল আগামী ২৩ অগাস্ট ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। রোববার কমিশন সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, আগামী ২৯ অথবা ৩০ সেপ্টেম্বর গাজীপুর-৪ আসনে উপ-নির্বাচন হতে পারে। “এটি হবে এ কমিশনের অধীন প্রথম নির্বাচন। আমরা সব নিয়ম-কানুন মেনেই নির্বাচন করার চেষ্টা করব,” যোগ করেন তিনি। এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, এ উপ-নির্বাচনে বিরোধী দল বা অন্য কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করলো কি না- সে বিষয়ে কমিশনের কিছু বলার নেই। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম গত ২৩ এপ্রিল ব্যক্তিগত সহকারীর মাধ্যমে সাংসদ পদ থেকে ইস্তফাপত্র জমা দিলেও সশরীরে উপস্থিত না হওয়ায় স্পিকার তা গ্রহণ করেননি। এরপর গত ৭ জুলাই নিজে উপস্থিত হয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তানজিম আহমেদ। এবার তার ইস্তফাপত্র গ্রহণ করে আসনটি শূন্য ঘোষণা করেন স্পিকার আব্দুল হামিদ। আইন অনুযায়ী, আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। গাজীপুর উপ-নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই উল্লেখ করে শাহনেওয়াজ বলেন, “স্থানীয় প্রশাসনই যথেষ্ট। কথায় কথায় সর্বোচ্চ বাহিনী মোতায়েনের দরকার দেখছি না।” আগামী সেপ্টেম্বর মাসে নতুন দল নিবন্ধনের জন্য আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও তিনি উল্লেখ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৫৫৭ ঘ.