২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভাগীয় শহরে জঙ্গিবাদ বিরোধী সমাবেশের উদ্যোগ

জনসচেতনতা সৃষ্টি এবং জনমত গঠনে ঈদের পর দেশের সাতটি বিভাগীয় শহরে ‘জঙ্গিবাদ বিরোধী মহাসমাবেশ’ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার কমিটি’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 09:28 AM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনসচেতনতা সৃষ্টি এবং জনমত গঠনে ঈদের পর দেশের সাতটি বিভাগীয় শহরে ‘জঙ্গিবাদ বিরোধী মহাসমাবেশ’ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার কমিটি’। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কমিটির সভা শেষে কমিটির প্রধান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাংবাদিকদের এ তথ্য জানান। কবে কোথায় মহাসমাবেশ হবে- তা চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালকে। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও কমিটির সদস্যদের সঙ্গে সমন্বয় করে তিনি তা চূড়ান্ত করবেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং বিভিন্ন মসজিদের ইমামদের নিয়ে এ মহাসমাবেশ করা হবে। “এতে ইসলামের জঙ্গিবাদবিরোধী অবস্থান এবং এ নিয়ে সচেতনতামূলক তথ্য তুলে ধরা হবে, যাতে কোনো মাদ্রাসা বা মসজিদে জঙ্গি প্রশিক্ষণ বা তাদের প্রশ্রয় দেওয়া না হয়।” কমিটির পক্ষ থেকে জঙ্গিবাদ বিরোধী আলোচনার জন্য শিগগিরই বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করা হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমেই এসব শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানানো হবে বলে জানান প্রতিমন্ত্রী। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আগে ডাকার কারণ জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “আমরা শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার প্রক্রিয়াটি শুরু করছি। প্রয়োজনে অন্য প্রতিষ্ঠানগুলোকেও এতে আমন্ত্রণ জানানো হবে। জঙ্গিবাদ নির্মূলে যেখানে যেতে হয়, আমরা সেখানেই যাব।” বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে জঙ্গি তৎপরতা বন্ধ হয়েছে দাবি করে তিনি বলেন, “এখন আর একযোগে ৫০০ স্থানে বোমা হামলা হয় না। বিরোধী দলের সমাবেশে গ্রেনেড মেরে ২২ জনকে হত্যা করা হয় না। ১০ ট্রাক অস্ত্র আমদানির মতো ঘটনাও ঘটে না। শাহ এম এস কিবরিয়ার মতো আর কোনো অর্থনীতিবিদকেও ঘাতকের হাতে প্রাণ দিতে হয় না।” সভায় মসজিদের ইমামদের মাধ্যমে ইসলামের জঙ্গিবাদবিরোধী অবস্থান সম্পর্কে বক্তব্য তুলে ধরতে জনপ্রতিনিধি, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইসলামিক ফাউন্ডেশনের স্থানীয় পর্যায়ের কর্মকর্তাদের সক্রিয় থাকার তাগিদ দেওয়া হয়। বিভিন্ন সরকারি ও বেসরকারি গণমাধ্যমে জঙ্গিবাদবিরোধী ছোট ছবি, ছোট নাটক ও তথ্যচিত্র স¤প্রচারে ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয়কে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ বিরোধী নাটক রচনার প্রতিযোগিতা অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানানো হয় সভায়। প্রতিমন্ত্রী জানান, জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের নেওয়া এসব পদক্ষেপ সমন্বয় করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাঈনুদ্দিন খন্দকারকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৫২২ ঘ.