সাভার, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে একই স্থানে বিএনপির বিবদমান দুই পক্ষের ইফতার পার্টির আয়োজন করায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
রোববার সাভার পৌর এলাকার থানা রোডে মাস্টার কমিউনিটি সেন্টার ও এর আশপাশে এ আইন জারি করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার কবির হোসেন সরদার জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইনশৃঙ্খলার যাতে কোন অবনতি না ঘটে এজন্য বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মাস্টার কমিউনিটি সেন্টার ও এর আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে।”
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ রোমেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু এবং পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র মো. রেফাত উল্লাহ একই স্থানে ইফতার পার্টির আয়োজন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪৫০ ঘ.
bdnews24