২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুত বিচার আদালতের স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন

বিরোধীদলের নেতাদের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলা যে আদালতে বিচারাধীন, সেই দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৫ এর কার্যক্রমে স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 08:30 AM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলের নেতাদের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলা যে আদালতে বিচারাধীন, সেই দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৫ এর কার্যক্রমে স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইকরামুল হক টুটুল রোববার বিচারপতি নাঈমা হায়দার ও মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে এই আবেদন জমা দেন। ইকরামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবেদনটি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতে উপস্থাপন করেন। সোমবার ‘আদেশের জন্য’ আবেদনটি কার্য তালিকায় আসবে। আবেদনে বলা হয়, ৫ নম্বর দ্রুত বিচার আদালত গঠনের গেজেট না পাওয়ার কারণে শুনানির দিন আদালতে উপস্থাপন করা সম্ভব হয়নি। এ কারণে হাই কোর্ট দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৫ এর কার্যক্রম স্থগিতের আদেশ দেয়। “গত ৭ অগাস্ট ওই গেজেট পাওয়া গেছে। গত ২০০৯ সালের ১৯ মার্চ জারি করা ওই গেজেটে দেখা গেছে, ২০০৮ সালের ১৫ অগাস্ট আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন-২০০২ এর ৮(১) ধারা অনুসারে ওই দ্রুত বিচার আদালত গঠন করা হয়। পরে আইন অনুসারেই সরকার ৮ জন মহানগর ম্যাজিস্ট্রেটকে আদালতে নিয়োগ দেয়।” এই যুক্তি তুলে ধরে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৫ এর কার্যক্রমের ওপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। হরতালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর অভিযোগে বিএনপি ও শরিক নেতাদের বিরুদ্ধে গত ২৯ এপ্রিল তেজাগাঁও থানায় একটি মামলা হয়। দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৫ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে ওই মামলায় অভিযোগ গঠন করে। বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এরপর হাই কোর্টে একটি রিট আবেদন করলে বিচারপতি নাঈমা হায়দার ও মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ গত ৬ অগাস্ট ট্রাইব্যুনাল-৫ এর কার্যক্রমে আট সপ্তাহের স্থগিতাদেশ দেয়। পাশাপাশি একটি রুলও জারি করে হাই কোর্ট। গেজেট জারি না করে মুখ্য মহানগর হাকিমের দেওয়া আদেশের মাধ্যমে ৫ নম্বর দ্রুত বিচার আদালত গঠন ও বিচারকের এখতিয়ার নির্ধারণ কেন অবৈধ এবং আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন-২০০২ এর ৮ ধারার সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয় ওই রুলে। আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহাসহ বিবাদীদের ২ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। ওইদিন রিটকারীর পক্ষে ব্যারিস্টার রফিক-উল হক শুনানিতে বলেন, আইন শৃংখলা বিঘ্নকারী (দ্রুত বিচার) আইন-২০০২ এর ৮ ধারা অনুযায়ী সরকার গেজেট বিজ্ঞপ্তি দিয়ে দেশের যে কোনো জেলায় এক বা একাধিক দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে পারবে। একই আইনে বলা হয়েছে, সরকার সংশ্লিস্ট ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ করবে ও বিচারকের বিচারিক অধিক্ষেত্র নির্ধারণ করবে। “কিন্তু ঢাকার ৫ ও ৭ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের ক্ষেত্রে সরকার কোনো গেজেট বিজ্ঞপ্তি জারি করেনি। সিএমএম একটি আদেশ দিয়ে আদালত গঠন ও এর বিচার নিয়োগ করেছে, যা বেআইনী। আর এ কারণেই রিট আবেদনটি করা হয়েছে।” অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে বলেন, আইনের ৮ ধারা অনুযায়ী সরকার ট্রাইব্রুনাল গঠন করবে ও বিচারক নিয়োগ করবে। ২০০২ সালের ১০ এপ্রিল প্রথম আইন করা হয়। এ আইনে একইবছরের গেজেট দিয়ে ৮ মে ঢাকায় চারটি আদালত গঠন করা হয়। কিন্তু রাষ্ট্রপক্ষ গেজেটের অনুলিপি আদালতে হাজির করতে না পারায় ট্রাইব্যুনাল-৫ এর কার্যক্রমে স্থগিতাদেশ দেয় বেঞ্চ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৪৩০ঘ.