২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারো চোখ রাঙানি কেন সহ্য করব: ইউনূস প্রসঙ্গে হানিফ

গ্রামীণ ব্যাংকের বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে আওয়ামী লীগ নেতা মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, এ নিয়ে বিদেশি কারো চোখ রাঙানি কেন সহ্য করব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 04:11 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে আওয়ামী লীগ নেতা মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, এ নিয়ে বিদেশি কারো চোখ রাঙানি কেন সহ্য করব। রোববার মতিঝিল ওয়াপদা মিলনায়তনে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় তিনি একথা বলেন। গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারি সিদ্ধান্তে বিভিন্ন মহলের অসন্তোষের মধ্যে হানিফ বলেন, “গ্রামীণ ব্যাংক এবং ড. ইউনূস আমাদের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে বিদেশিদের চোখ রাঙানি কেন সহ্য করব?” নোবেল বিজয়ীরা কী আইনের ঊর্ধ্বে- বক্তব্যে এই প্রশ্ন করে আওয়ামী লীগ নেতা বলেন, “আমার জানা মতে, বিদেশের দুজন নোবেল বিজয়ীর শাস্তি হয়েছিল, জেলও হয়েছিল।” “আমরা আমাদের নোবেল বিজয়ীর বিচার করছি না বা তাকে আমরা কাঠগড়ায় দাঁড় করাইনি। গ্রামীণ ব্যাংকে কোনো অনিয়ম হয়েছিল কি না, শুধু তা খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বিদেশি শক্তি আমাদের চোখ রাঙাতে পারে না,” যোগ করেন হানিফ। বয়স অতিক্রান্ত হওয়ার কারণ দেখিয়ে সরকার গত বছর গ্রামীণ ব্যাংক থেকে এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালককে অব্যাহতি দেয়। এরপর এই মাসে মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয়, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিধি পরিবর্তন করা হবে। গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের এই সব পদক্ষেপে যুক্তরাষ্ট্র সরাসরি অসন্তোষ প্রকাশ করে আসছে। সর্বশেষ গত সপ্তাহে এক বিবৃতিতে ওয়াশিংটনের পক্ষ থেকে গ্রামীণ ব্যাংক নিয়ে উদ্বেগও প্রকাশ করা হয়। গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ কর্মসূচি দেশে দারিদ্র্য বিমোচনে বিশাল ভূমিকা রাখছে বলে যে দাবি করা হয়, তার বিরোধিতা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, ক্ষুদ্র ঋণের কারণে দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়নি। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণেই দেশের গ্রামীণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। “মাত্র ৩ কোটি টাকা দিয়ে গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু করেছিল। তার মধ্যে সরকারের ছিল ১ কোটি ৮০ লাখ টাকা। সেই ৩ কোটি টাকায় এখন ২৯ হাজার কোটি টাকার মূলধন হয়েছে। এই টাকার মালিক গ্রামীণ ব্যাংকের ৮৬ লাখ গ্রাহকের,” বলেন তিনি। গ্রামীণ ব্যাংকে অনিয়ম ছিল দাবি করে হানিফ বলেন, “৮৬ লাখ গ্রাহককে কোনদিন এজিএমে ডাকা হয়নি। তাদের কোনো পদ দেওয়া হয়নি। ইউনূস ছিলেন গ্রামীণ ব্যাংকের বেতনভুক্ত এমডি। ব্যাংকের সম্পদ নিয়ে ভিন্ন ৫৩টি প্রতিষ্ঠান গড়া হয়েছে। ইউনূস সাহেব একাই সব লুট করে নিয়ে গেছেন।” গ্রামীণ ব্যাংকের বিষয়ে সরকারের পদক্ষেপের যৌক্তিকতা ব্যাখ্যা করে তিনি বলেন, “৮৬ লাখ গ্রাহকের স্বার্থ দেখার অধিকার সরকারের রয়েছে। গ্রামীণ ব্যাংকের অনিয়ম দেখার অধিকার যদি সরকারের না থাকে, তাহলে ডেসনিটি বা অন্য প্রতিষ্ঠানের অনিয়ম খুঁজবে কীভাবে ?” ইউনূসের পক্ষে বিএনপি নেতাদের প্রকাশ্য অবস্থানের প্রতিক্রিয়ায় হানিফ বলেন, “পশ্চিমা শক্তি যেভাবে ইউনূসের পক্ষে কথা বলছেন, তাতে করে মওদুদ সাহেবদের ধারণা সরকারের সাথে পশ্চিমা শক্তির সম্পর্ক ভালো না। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ইউনূসের পক্ষ নিয়ে সেই শক্তির সহানুভূতি নিতে চায় তারা।” ইউনূসের নোবেল পুরস্কার পাওয়া নিয়ে আওয়ামী লীগ নেতা বলেন, “মুহাম্মদ ইউনূস যখন নোবেল পুরস্কার পান, তখন তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে দেশের রাজনীতি ছিলো ঘোলাটে। পরবর্তীতে ওয়ান ইলেভেনের পর যখন ইউনূস রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেন, তখনই সন্দেহ হয়েছিল, সামাজিক অবস্থান তৈরি করার জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।” শ্রমিক লীগের এই আলোচনা সভায় সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ ও কার্যকরী সভাপতি ফজলুল হক মন্ট প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২২০৫ ঘ.