ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সৌদি আরবের তায়েফ নগরীতে শনিবার মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর স্মৃতিবিজড়িত স্থান ‘আস-সাফা’ পরিদর্শন করেছেন।
খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ম্যাডাম বিকালে হযরত মুহাম্মদ (সা.) এর স্মৃতিবিজড়িত স্থান আস-সাফা পরিদর্শন করেন। এ সময় বিরোধী দলীয় নেতার সফরসঙ্গীরা, রাজকীয় প্রটোকলের কর্মকর্তাগণ, সৌদি আরব বিএনপি শাখার সভাপতি আহমেদ আলী মুকিবসহ প্রবাসীরা উপস্থিত ছিলেন।’’
এরপর খালেদা তায়েফ থেকে মক্কা নগরীতে যান এবং সেখানে মসজিদুল হারাম-এ ইফতার ও মাগরিবের নামাজ আদায় করেন।
প্রেস সচিব জানান, রাতে মসজিদুল হারাম এ বিরোধী দলীয় নেতার এশা ও তারবীহর নামাজ জামাতে আদায় করার কথা রয়েছে। নামাজ শেষে তিনি তায়েফে রয়্যাল কনফারেন্স প্যালেসে ফিরে যাবেন।
সৌদি রাজকীয় মেহমান হিসেবে খালেদা তার সফরসঙ্গীদের নিয়ে এই প্যালেসে অবস্থান করছেন।
শুক্রবার মক্কায় বিরোধী দলীয় নেতা ওমরাহ পালন করেন।
গত বুধবার রাতে বিরোধী দলীয় নেতা অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে রওয়ানা হন।
২৭ রমজান শবে কদর পালন শেষে খালেদা জিয়া দেশে ফিরবেন বলে জানান তার প্রেস সচিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২০৬ ঘ.
bdnews24