২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বেহাল রাস্তাঘাটের জন্য সরকারের ব্যর্থতা-দুর্নীতি দায়ী’

দেশের রাস্তাঘাটের দুরবস্থার জন্য সরকারের ‘ব্যর্থতা ও দুর্নীতিকে’ দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2012, 03:05 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের রাস্তাঘাটের দুরবস্থার জন্য সরকারের ‘ব্যর্থতা ও দুর্নীতিকে’ দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। শনিবার বিকালে রাজধানীর ডেমরায় ইফতার পার্টিপূর্ব এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। সরকার দেশ শাসনে পুরোপুরি ‘ব্যর্থ’ দাবি করে হান্নান শাহ বলেন, বছরের পর বছর সড়ক-মহাসড়কের বেহাল অবস্থা চলছে। কোনো সংস্কার নেই। “ঢাকা থেকে ডেমরার এই ইফতার পার্টিতে আসতে আমার আড়াই ঘন্টা লেগেছে। রাস্তাঘাটের অবস্থা এমন হলে এরকম সরকারের দরকার নেই।’’ এই অবস্থার পরিবর্তনে ঈদের পর বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন শুরু হবে বলেও জানান এই বিএনপি নেতা। রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার বালুর মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই ইফতার পার্টির আয়োজন করা হয়। ডেমরা, যাত্রাবাড়ি ও কদমতলীর কয়েক হাজার দলীয় নেতা-কর্মী-সমর্থক ইফতারে অংশ নেন। ডেমরাবাসীদের উদ্দেশে হান্নান শাহ বলেন, এটি একটি শিল্প এলাকা। এখানে অনেক শ্রমিকের বসবাস। তারা কেউ ভালো নেই্। এটা কেবল ডেমরার নয়। সারাদেশের চিত্র। নির্দলীয় সরকারের দাবির কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা একটি নিদর্লীয় নিরপেক্ষ সরকার চাই। ওই সরকারে কোনো দলীয় ব্যাক্তি থাকতে পারবে না। কারণ দেশের মানুষ আওয়ামী লীগকে বিশ্বাস করে না। তাদের লোকজন থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না।’’ তিনি বর্তমান সরকারকে হটাতে চলমান আন্দোলন জোরদার করতে সবাইকে প্রস্তুতি নেয়ার আহবানও জানান। যাত্রাবাড়ি-ডেমরা বিএনপির সভাপতি নবী উল্লাহ নবী’র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকা, সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম, মুহাম্মদ গিয়াস উদ্দিন, শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আবুল কাশেম চৌধুরী, যুবদলের সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হক, ডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন রতন, স্থানীয় নেতা মীর হোসেন মীরু, বাদল সরকার, আবদুল রব হাওলাদার, আতিক উল্লাহ আতিক, ডেমরা জামায়াতের সভাপতি হাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১০১ ঘ.