২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আ. লীগ নেতা গ্রেপ্তার, কুমিল্লায় সড়ক অবরোধ

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারকে গ্রেপ্তারের প্রতিবাদে কুমিল্লায় তিনটি সড়কে তিনঘণ্টা অবরোধ করেছে স্থানীয় নেতাকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2012, 03:15 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

কুমিল্লা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারকে গ্রেপ্তারের প্রতিবাদে কুমিল্লায় তিনটি সড়কে তিনঘণ্টা অবরোধ করেছে স্থানীয় নেতাকর্মীরা। শুক্রবার বিকালে রাজধানীর পল্টন থানা পুলিশ রমনা ভবন থেকে জাহাঙ্গীরকে আটক করে। বিকাল ৫টার দিকে কুমিল্লা-সিলেট সড়কে কোম্পানীগঞ্জ, ঢাকা-চট্টগ্রাম সড়কে ইলিয়টগঞ্জ এবং কোম্পানীগঞ্জ- নবীনগর সড়কে অবরোধ শুরু হয়। পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর রাত ৮টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করে। অবরোধ চলাকালে মহাসড়কে কয়েক হাজার যানবাহন আটকা পড়ে। এতে ঈদে ঘরমুখী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। হাইওয়ে পুলিশ সুপার মো. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৫টা থেকে ঢাকা-চট্টগ্রাম সড়কে কুমিল্লার ইলিয়টগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীরা অবরোধ করে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। যাত্রীদের পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ। পুলিশ কর্মকর্তা বলেন, একই দাবিতে জাহাঙ্গীর আলমের নির্বাচনী এলাকা কুমিল্লা-সিলেট সড়কে কোম্পানীগঞ্জের বাসস্ট্যান্ডে অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে নেতাকর্মীরা। কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কেও একই দাবিতে আওয়ামী লীগ নেতাকর্মীরা অবরোধ করে। পুলিশ কর্মকর্তা আরো বলেন, তিনি নিজে (হাইওয়ে পুলিশ সুপার), মুরাদনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এবং মুরাদনগর, চান্দিনা, দাউদকান্দি থানার সব ওসি এবং এলাকার নেতাদের আলোচনার পর রাত ৮টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধ চলাকালে মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাহাঙ্গীর আলমকে মুক্তি না দেওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে। বিকাল ৩টারর দিকে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে দোকান মালিকদের সঙ্গে হকারদের সংঘর্ষে পুলিশসহ ১০ জন আহত হন। এর জেরে পল্টন থানা পুলিশ দোকান মালিক জাহাঙ্গীর আলম সরকারকে আটক করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৩ ঘ.