ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুষ্টি বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তিনদিনের সফরে শনিবার যুক্তরাজ্য যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
লন্ডন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে গত মাসের শেষের দিকেও লন্ডন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। পাঁচ দিনের এই সফর শেষে ৩০ জুলাই দেশে ফেরেন তিনি।
শনিবার সকাল দশটায় ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেদিনই লন্ডনে স্থানীয় সময় বিকাল সাড়ে তিনটায় হিথরো বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।
বিমানবন্দর থেকে শেখ হাসিনা সরাসরি চলে যাবেন হোটেল সেইন্ট প্যানক্রাস রেনেসাঁয়। লন্ডনে এই হোটেলেই থাকবেন তিনি।
রোববার বিকালে ১০ ডাউনিং স্ট্রিটে শেখ হাসিনা বিশ্ব পুষ্টি বিষয়ক সম্মেলনে যোগ দেবেন। এই সম্মেলনে বক্তব্য রাখবেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং ব্রাজিলের উপ রাষ্ট্রপতিও এই সম্মেলনে যোগ দেবেন।
সন্ধ্যায় মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী অ্যান্ড্রু মিশেল হোটেল সেইন্ট প্যানক্রাস রেনেসাঁয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবেন।
সোমবার স্থানীয় সময় দুপুর সোয়া একটায় লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিয়ে মঙ্গলবার সকালে দেশে ফেরার কথা রয়েছে শেখ হাসিনার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/২০৩০ ঘ.
bdnews24