ঢাকা বিশ্ববিদ্যালয়, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি হামলায় দুই কর্মী আহত হওয়ার ঘটনায় সংগঠন থেকে সাতজনকে বহিষ্কার করেছে ছাত্রলীগ।
শুক্রবার বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সঞ্জয়, জহুরুল হক হল শাখার কর্মী শরীফ ও জয়, বঙ্গবন্ধু হল শাখার কর্মী মেহেদি, মহসিন হল শাখার কর্মী হান্নান এবং জসিম উদদীন হলের কর্মী সৈকত ও তাজকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কোনো ধরনের কর্মসূচিতে তারা অংশ নিতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ও রাতে ছাত্রলীগকর্মীদের পাল্টাপাল্টি হামলায় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক শিক্ষা বিভাগের ফজলুল করিম রিয়াদ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আব্দুস সালাম শ্যামল আহত হন।
রিয়াদ জহুরুল হক হল এবং শ্যামল জসিম উদদীন হলের আবাসিক শিক্ষার্থী। এরা দুজনই দ্বিতীয় বর্ষের ছাত্র এবং ছাত্রলীগের সঙ্গে জড়িত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৮১৮ ঘ.
bdnews24