রংপুর, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই দল চলে গেলে দেশে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ।
শুক্রবার রংপুর নগরীতে একটি দৈনিক পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে কি না হবে সে ব্যাপারে মানুষের মধ্যে সংশয় আছে।
দেশের এই অরাজক অবস্থা কখনো ছিল উল্লেখ করে তিনি বলেন, ঈদের পর হরতাল হবে, গাড়ি পোড়ানো হবে, রাস্তা বন্ধ হবে। দেশের মানুষ এ ধরনের গণতন্ত্র কখনো চায়নি।
এরশাদ বলেন, তারা ক্ষমতা ছেড়েছিলেন জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য। কিন্তু দেশে চলছে একদলীয় শাসন।
এ সময় আওয়ামী লীগ ও বিএনপি’র নাম উল্লেখ না করে তিনি বলেন, দুই দল চলে গেলে দেশে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। জনগণের শাসন কায়েম হবে।
সকাল সাড়ে ১১টার দিকে নগরীর জিএল রায় রোডে ‘দৈনিক আমাদের প্রতিদিন’ পত্রিকার প্রকাশনার উদ্বোধন করেন সাবেক এই রাষ্ট্রপতি।
অনুষ্ঠানে তিনি বলেন, দেশের মানুষ এখন তৃতীয় শক্তিকে ক্ষমতায় দেখতে চায়। জাপা হচ্ছে তৃতীয় শক্তি। কারণ, সারা দেশে জাতীয় পর্টির শক্তিশালী সংগঠন রয়েছে।
আগামী নির্বাচনে তাদের দুইশ’ আসনে প্রার্থী দেওয়ার মতো শক্তিশালী প্রার্থী আছে এবং এরমধ্যে অন্তত একশ’ জন জয়ী হওয়ার মতো বলে তিনি দাবি করেন।
দলের অবস্থা প্রসঙ্গে বলতে গিয়ে তার ছোটভাই জি এম কাদেরকে জাতীয় পার্টির রংপুরের দায়িত্ব দেওয়ায় কোনো সাংগঠনিক কাজ হয়নি বলে তিনি উল্লেখ করেন।
পত্রিকাটির উদ্বোধন করতে গিয়ে এরশাদ বলেন, এখন হাজার হাজার কোটি টাকার মালিকরা পত্রিকা করেন। তারা পত্রিকা বের করছে জনগণের জন্য নয়, তাদের প্রতিষ্ঠান রক্ষার জন্য।
তিনি ‘দৈনিক আমাদের প্রতিদিন’ পত্রিকার শুভ কামনা করেন।
‘দৈনিক আমাদের প্রতিদিন’ পত্রিকার সম্পাদক জাপা দলীয় সাংসদ আনিসুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাপা নেতা আব্দুর রউফ মানিক, মশিয়ার রহমান রাঙ্গা প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭১০ ঘ.
bdnews24