২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুদার নেতৃত্বে আসছে নতুন ‘জাতীয়তাবাদী ফ্রন্ট’

নির্বাচনে ‘লড়ার’ লক্ষ্য নিয়ে জিয়াউর রহমানের সময়ের সেই ‘জাতীয়তাবাদী ফ্রন্ট’ নামেই নতুন দলের ঘোষণা দিতে যাচ্ছেন বিএনপি থেকে পদত্যাগী নাজমুল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2012, 10:30 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে ‘লড়ার’ লক্ষ্য নিয়ে জিয়াউর রহমানের সময়ের সেই ‘জাতীয়তাবাদী ফ্রন্ট’ নামেই নতুন দলের ঘোষণা দিতে যাচ্ছেন বিএনপি থেকে পদত্যাগী নাজমুল হুদা। তিনি হবেন এ দলের আহ্বায়ক। শুক্রবার বিকালে গুলিস্তানের ইস্পেরিয়াল হোটেলে আনুষ্ঠানিকভাবে তিনি ‘জাতীয়তাবাদী ফ্রন্টের’ রূপরেখা ঘোষণা করবেন। এ বিষয়ে শুক্রবার সকালে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের নতুন রাজনৈতিক দলটি হবে সংসদের আসনভিত্তিক। জেলা-থানা-ইউনিয়ন ওয়ার্ড বলে কোনো কমিটি থাকবে না। ইটস এ ডিসেন্ট্রালাইজড পলিটিক্যাল পার্টি।” গত ৬ জুন সংবাদ সম্মেলন করে নিজের অভিমানের কথা তুলে ধরে বিএনপি ত্যাগের ঘোষণা দেন সাবেক যোগাযোগমন্ত্রী হুদা। পরে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে ইস্তফা পত্র পাঠিয়ে দেন। নতুন দল গঠন সম্পর্কে এক প্রশ্নের জবাবে নাজমুল হুদা বলেন, “১৯৭৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করা হয়। এই জোট থেকেই রাষ্ট্রপতি নির্বাচিত হন জিয়াউর রহমান। পরে গঠন করা হয় বিএনপি নামে নতুন রাজনৈতিক দল।” সেই বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য হুদা বলেন, “বিএনপি গঠনের পর জাতীয়তাবাদী ফ্রন্ট এতোদিন সুপ্ত ছিল। আমি সেই ফ্রন্টকে নতুন রাজনৈতিক দল হিসাবে ঘোষণা করতে যাচ্ছি।” নানা ঘটনায় আলোচিত নাজমুল হুদা ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা দেওয়ার কারণে মন্ত্রিত্ব থেকে সরে যেতে বাধ্য হন। দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে ২০১০ সালের ২৩ জুন তাকে বিএনপি থেকে বহিস্কার করা হয়। ভুল স্বীকার করে খালেদা জিয়ার কাছে আবেদন করার পর ২০১১ সালের ৭ সেপ্টেম্বর আবার দলের সদস্যপদ ফিরে পান তিনি। নতুন দলের কাঠামো ব্যাখ্যা করে হুদা বলেন, “আমাদের জাতীয়তাবাদী ফ্রন্ট গতানুগতিক রাজনৈতিক দলের মতো হবে না। সর্বোচ্চ নীতিনির্ধারক হিসাবে আমাদের ২১ সদস্যের একটি স্টিয়ারিং কমিটি এবং ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি থাকবে। “আমরা যেহেতু নির্বাচনমুখী দল হব, তাই সংসদীয় আসনভিত্তিক কমিটি হবে। অর্থাৎ, দলের ভোটকেন্দ্র ভিত্তিক কমিটি থাকবে।” এই আইনজীবীর দাবি, নির্বাচনকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সব দলের মতামতের ভিত্তিতে একটি স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে হবে। নির্বাচনের সময় কমিশনের হাতেই সব নির্বাহী ক্ষমতা দিতে হবে। “নির্বাচনকালীন সময়ে এ রকম ব্যবস্থাকেই আওয়ামী লীগ বলছে নির্বাচিত ব্যক্তিদের নিয়ে অন্তর্বতীকালীন সরকার। অন্যদিকে বিএনপির বলছে নির্দলীয় নিরপেক্ষ সরকার।” হুদা জানান, তার নতুন দলের কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে আগামী ৭ নভেম্বর। “আমরা মনে করি, একমাত্র নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা হস্তান্তর হতে পারে। অন্য কোনোভাবে নয়। আমরা রাজনৈতিক ধারণায় গুণগত পরিবর্তন আনতে চাই। আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি নতুন দলের উদ্দেশ্য তুলে ধরব।” এই নতুন দলে পুরনো জাতীয়তাবাদী ফ্রন্টসহ অনেককেই নিয়ে আসা যাবে বলেও নাজমুল হুদা আশা করছেন। জিয়াউর রহমানের সময়ে গঠিত জাতীয়তাবাদী ফ্রন্টে জাগদল, মুসলিম লীগ, ন্যাপ-ভাসানী, ইউনাইটেড পিপলস পার্টি (ইউপিপি) ও লেবার পার্টিসহ কয়েকটি দল ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৬২৪ ঘ.