ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, মানুষকে ‘সচেতন’ করার জন্যই সাহারা খাতুন ঈদের ছুটিতে বাসা ও দোকানপাটে তালা লাগিয়ে যেতে বলেছিলেন।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী মানুষকে সচেতন করার জন্যই ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে তালা মেরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। দায়িত্বে অবহেলার কথা বলেননি।”
গত বুধবার এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, “যারা বাসাবাড়ি বা দোকানপাট বন্ধ রেখে ঢাকার বাইরে যাবেন, তাদেরও ঠিকমতো তালা বন্ধ করে যেতে হবে। এ সময় তাদেরও নিজস্ব নিরাপত্তার ব্যবস্থা থাকা দরকার।”
তার ওই বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বৃহস্পতিবার বলেন, বাড়ির নিরাপত্তা দিতে পারবেন না বলেই জনসাধারণকে তালার ওপর নির্ভর করতে বলেছেন মন্ত্রী।
“আমাদের প্রশ্ন- তালার ওপর নির্ভর করতে হলে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী থাকার প্রয়োজন কী।”
অন্য সময়ের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল দাবি করে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত আলোচনা সভায় কামরুল ইসলাম বলেন, “বিএনপি নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করছেন। আগে নিজেদের চেহারা আয়নার দেখুন, আত্ম-সমালোচনা করুন। এরপর মন্ত্রীকে ব্যাঙ্গ করুন।”
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসে ‘রূপকথার ডাইনীর মতো’ একশ টন ওজনের কেক কেটে জন্মদিন পালন করবেন- এমন মন্তব্য করে আইন প্রতিমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দিনেই তাদের (বিএনপি) জন্ম হয়েছিল, তাই ওইদিন তারা উল্লাস করেন।”
শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু একাডেমীর উপদেষ্টা আব্দুস সালাম।
অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া আলোচনায় অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৩২৫ ঘ.
bdnews24