ঢাবি, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি হামলায় দুই ছাত্র আহত হয়েছে। আহত দুজনই ছাত্রলীগকর্মী।
বৃহস্পতিবার বিকাল ও রাতে ওই দুই ছাত্র আহত হন বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী ও শিক্ষার্থীরা জানিয়েছে।
আহতরা হলেন, ইসলামী শিক্ষা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ফজলুল করিম রিয়াদ এবং শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র আব্দুস সালাম শ্যামল।
রিয়াদ সার্জেন্ট জহুরুল হক হলের এবং শ্যামল জসীম উদদীন হলের ছাত্রলীগকর্মী বলে শিক্ষার্থীরা জানিয়েছে।
শিক্ষার্থীরা জানায়, বিবাদের জের ধরে বিকাল সাড়ে ৫টার দিকে ডাকসু ভবনের পাশে রিয়াদকে মারধর করে শ্যামলসহ কয়েকজন। রিয়াদকে চাপাতি দিয়ে আঘাতও করা হয়।
আহত রিয়াদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে হলে ফেরেন। এরপর তার বন্ধুরা রাত ১১টার দিকে শহীদ মিনারের কাছে কাজী মোতাহার হোসেন ভবনের সামনে শ্যামলের ওপর চড়াও হয় বলে শিক্ষার্থীরা জানায়।
ছুরিকাঘাতে আহত শ্যামলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে প্রক্টরও ঢাকা মেডিকেলে যান।
প্রক্টর আমজাদ আলী সাংবাদিকদের বলেন, দুই ছাত্র আহত হয়েছে। এই ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রাতের সংঘর্ষের পর ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০০৫০ ঘ.
bdnews24