ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত সাধারণ নির্বাচনের ফলাফল নির্ধারণে যাদের ভূমিকা প্রধান ছিল বলে মনে করা হয়, সেই তরুণ সমাজ দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন চায় না বলে এক জরিপে দেখা গেছে।
আগামী নির্বাচন কার অধীনে হবে- তা নিয়ে চলমান বিতর্কের মধ্যে বৃহস্পতিবার ওই জরিপের ফল প্রকাশ হয়, যে জরিপটি চালিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিজ।
১৫ থেকে ৩০ বছর বয়সি ৬ হাজার ৫৭৫ জনের ওপর গত বছরের ডিসেম্বরে দেশজুড়ে এই জরিপ চালানো হয় বলে ব্র্যাক সেন্টারে জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়।
জরিপের এই ফলকে ‘গুরুত্বপূর্ণ’ আখ্যা দিয়ে অনুষ্ঠানে অংশ নেওয়া নাগরিক সংগঠন সুজনের সদস্য সচিব বদিউল আলম মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা একটা গুরুত্বপূর্ণ সঙ্কেত।
“গত নির্বাচনে তিন ভাগের এক ভাগ ভোটার ছিল তরুণ এবং তারাই মহাজোট সরকারকে ক্ষমতায় এনেছে। সরকারের অবশ্যই তাদের মতামতের মূল্য দিতে হবে।”
পঞ্চদশ সংবিধান সংশোধনে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলোপের পর আগামী নির্বাচন নিয়ে পরস্পরবিরোধী অবস্থানে রয়েছে সরকার ও বিরোধী দল।
আওয়ামী লীগ বলছে, সংশোধিত সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন নির্বাচন করবে। অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি জানিয়ে বলেছে, দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না তারা।
জরিপে অংশ নেওয়া অধিকাংশই চায়, রাজনৈতিক দলগুলো পরস্পরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুক।
‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন’ নিশ্চিত করার জন্য একটি শক্তিশালী নির্বাচন কমিশনও চায় তারা।
বদিউল আলম বলেন, “তারা (তরুণ ভোটার) কোনো দলের অনুগত না। তারা ভাসমান সমর্থক। বর্তমান সরকারে কর্মকাণ্ড তারা সমর্থন না করলে আর তারা ভোট দেবে না।”
জরিপে অংশ নেওয়া মাত্র দুই ভাগ জানিয়েছে, তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত।
এই জরিপের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত জ্যেষ্ঠ গবেষণা সহকারী সৈয়দা সেলিনা আজিজ বলেন, “তবে আমাদের মনে হয়, সব বিষয় উঠে আসেনি। কারণ মানুষ তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রকাশ্যে কথা বলতে চায় না।”
তিনি জানান, ৮০ ভাগের বেশি তরুণ ছাত্রদের রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা উচিত নয় বলে মনে করে। কিন্তু ৪৫ ভাগ বলেছে, তরুণরা রাজনীতিতে অংশ নিতে পারে।
ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিজের উপদেষ্টা ব্যারিস্টার মনজুর হাসান জরিপের ফলাফলকে ‘চিন্তা উদ্রেককারী’ মন্তব্য করে বলেন, “নীতিনির্ধারক ও রাজনীতিবিদদের জেগে উঠতে হবে এবং এ বিষয়ে খুব গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।”
বাংলাদেশ গঠনে যুবসমাজের অবদানের কথা তুলে ধরে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান প্রিজনার বলেন, “সমাজ পরিবর্তনের মূলে তারাই।”
জরিপে অংশ নেওয়া তরুণরা পুলিশ ও বিচার বিভাগকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত বলে মনে করেন।
মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মুখে থাকলেও র্যাবকেই পুলিশের চেয়ে বেশি নির্ভরযোগ্য বলে মনে করছে জরিপে অংশ নেওয়ারা।
জরিপে অংশ নেওয়াদের মধ্যে ৪৫ ভাগ বিবাহিত, যার মধ্যে রয়েছে ছাত্র, কর্মজীবী, গৃহিনী ও আত্ম কর্মসংস্থানে যুক্ত।
শ্রেণীকক্ষে মানসম্পন্ন শিক্ষক প্রাপ্তি তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। তবে পাঠ্যক্রম সংশোধন ও বিদ্যালয়ে খাবার চালু করা তাদের কাছে কম গুরুত্বের বলে জরিপে উঠে এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এইচএএইচ/এমআই/০০১০ ঘ.
bdnews24