চট্টগ্রাম, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় রাজনীতিতে পরস্পরবিরোধী অবস্থানে থাকলেও সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসির বাড়িতে গেছেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন বৃহস্পতিবার রাতে সংসদ সদস্যের খুলশীর বাড়িতে যান।
মহিউদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শোক দিবসে দলীয় কর্মসূচির দাওয়াত দিতে উনার বাসায় গিয়েছি।”
আগামী ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নগরীর মুসলিম হলে নগর কমিটি আলোচনা সভার আয়োজন করেছে।
দুই নেতা একান্তে কুশল বিনিময় করেন বলে আওয়ামী লীগ নেতারা জানান।
নুরুল ইসলাম বিএসসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘উনি আমাকে শোক দিবসের অনুষ্ঠানের দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন। আমাদের কথা হয়েছে।”
গত সংসদ নির্বাচনের আগে থেকেই আওয়ামী লীগের এই দুই নেতার বিরোধ স্পষ্ট হয় এবং নানা কর্মসূচিতে তার প্রতিফলন ঘটে। দুই নেতার অনুসারীরা আলাদাভাবেই দলীয় বিভিন্ন কর্মসূচি পালন করতে থাকে।
পরবর্তীকালে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. আফসারুল আমীনের সঙ্গে মহিউদ্দিনের বিরোধ হয়। এরপর আফসারুল আমীন ও নুরুল ইসলাম একত্রে নগর আওয়ামী লীগের ব্যানারে আলাদা কর্মসূচি পালন শুরু করে।
বিরোধের এক পর্যায়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনা দুই পক্ষকেই একসঙ্গে কাজ করার নির্দেশ দিলেও তা কার্যকর হয়নি।
মহিউদ্দিন চৌধুরীর অনুসারী নগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহিউদ্দিন চৌধুরী প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীনের বাসায়ও শোক দিবসের অনুষ্ঠানের দাওয়াত নিয়ে যাবেন।”
নুরুল ইসলাম বিএসসির বাড়িতে মহিউদ্দিনের এই যাওয়া দুই নেতার বিরোধ অবসানের ইঙ্গিত বলে মনে করছেন আওয়ামী লীগ নেতারা।
তবে নগর আওয়ামী লীগের ওই অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে নুরুল ইসলাম বিএসসি বলেন, “আমার সঙ্গে যারা আগে থেকে আছে, তাদের না নিয়ে আমি যেতে পারি না। যাওয়ার একটা প্রক্রিয়াও আছে।”
এদিকে ১৫ অগাস্ট উপলক্ষে নুরুল ইসলামের অনুসারীরা নগরীর দোস্ত বিল্ডিংয়ে আলাদা আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২৩৩৮ ঘ.
bdnews24