২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুহিতের মুখে আবার ‘রাবিশ’

দলীয় নেতাদের কোন্দলের প্রতিক্রিয়ায় ‘রাবিশ’ বলে সিলেট কেন্দ্রীয় কারাগারে একটি প্রকল্পের কাজ না দেখেই ফিরলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2012, 04:59 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

সিলেট, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় নেতাদের কোন্দলের প্রতিক্রিয়ায় ‘রাবিশ’ বলে সিলেট কেন্দ্রীয় কারাগারে একটি প্রকল্পের কাজ না দেখেই ফিরলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার সিলেটে কারাগারের মাটি ভরাটের কাজ পরিদর্শন করতে যান স্থানীয় সংসদ সদস্য মুহিত। সেখানে তার সামনেই বদানুবাদে জড়ান সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুজাত আলী রফিক ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নুরে আলম সিরাজী। দুই নেতার বাকবিতণ্ডা দেখে রাগত স্বরে ‘রাবিশ’ শব্দটি উচ্চারণ করেই ওই অনুষ্ঠানস্থল থেকে চলে আসেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুহিত। মুখ থেকে উচ্চারিত ‘রাবিশ’ শব্দটি নিয়ে এর আগেও সমালোচনার মুখেও পড়তে হয় মুহিতকে। এ নিয়ে আওয়ামী লীগ সংসদ সদস্য গোলাম মাওলা রনি এক আলোচনা সভায়ও বলেছিলেন, “মন্ত্রীকে (মুহিত) বলতে ভয় হয়, যদি উনি রাবিশ বলেন।” গ্রামীণ ব্যাংকের নিয়ন্ত্রণ সরকার নিতে চায় বলে ড. মুহাম্মদ ইউনূস শঙ্কা প্রকাশ করলে গত মে মাসে অর্থমন্ত্রী তা ‘টোটালি রাবিশ’ বলে উড়িয়ে দেন। বাজেটে প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তা নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি সংশয় প্রকাশ করলে তার সমালোচনার ক্ষেত্রেও ‘রাবিশ’ শব্দটি উচ্চারণ করেন মুহিত। এর আগে গত বছরের ডিসেম্বরে ড. ইউনূসের পদত্যাগপত্রে স্বাক্ষর নিয়ে সংবাদপত্রের এক প্রতিবেদন ‘রাবিশ’ বলে নাকচ করেন অর্থমন্ত্রী। বৃহস্পতিবার বিকেলে সিলেট সদর উপজেলার বাদাঘাট এলাকায় নতুন কেন্দ্রীয় কারাগারের মাটিভরাটের কাজ পরিদর্শনে গিয়ে আগে বেশ কয়েকবার ব্যবহৃত ‘রাবিশ’ শব্দটি পুনরায় উচ্চারণ করেন তিনি। মন্ত্রী সেখানে প্রায় ২০ মিনিট কারাগারের কাজের অগ্রগতি বিষয়ে প্রকল্প কর্মকর্তার কাছ থেকে খোঁজ-খবর নেন। তারপরই একটু দূরের মাটি ভরাটের কাজ দেখতে যাওয়ার কথা ছিল মন্ত্রীর। কিন্তু দুই নেতার তর্কাতর্কির পর মাটি ভরাটের কাজ না দেখেই শহরে ফিরে আসেন তিনি। গত ২৯ জুন চাঁদা দাবি করে নির্মাণাধীন কারাগারে মাটি ভরাটের কাজ বন্ধ করে দেয় একদল দুর্বৃত্ত। তারা মাটি ভরাটের পাইপ লাইন কেটে শ্রমিকদের তাড়িয়ে দেয়। এ ঘটনায় ঠিকাদার প্রতিষ্ঠান জালালাবাদ থানায় মামলাও করেন। আওয়ামী লীগ নেতা সুজাত আলী রফিকের অনুসারীরা এই চাঁদা দাবি করেন বলে মামলায় অভিযোগ করা হয়। এই ঘটনা নিয়েই মন্ত্রীর সামনেই এ দুই নেতা বিতণ্ডায় জড়িয়ে পড়েন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/২২৫০ ঘ.