২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের পর কঠোর আন্দোলনের হুমকি আমির খসরুর

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে ঈদের পর কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2012, 02:07 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

চট্টগ্রাম, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে ঈদের পর কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার বিকালে ডবলমুরিং থানা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে নগরীর কদমতলী দস্তগীর চৌধুরী সেন্টারে এক অনুষ্ঠানে তিনি বলেন, ঈদের পর কঠোর আন্দোলনের মাধ্যমে এই দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে। ডবলমুরিং থানা বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু দাবি করেন, সবক্ষেত্রে ‘ব্যর্থ’ এই সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। সরকারের ‘দুঃশাসনে’ জনগণ অতিষ্ঠ। জনগণ এই দুঃশাসন থেকে মুক্তি চায়। “সরকারের ব্যর্থতায় দেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। অর্থনীতির অবস্থা চরমে। দ্রব্যমূল্যের চরম উর্দ্ধগতিতে মানুুষ অসহায় হয়ে পড়েছে। এ অবস্থায় একটি দেশ চলতে পারে না। অবিলম্বে এই সরকারের পদত্যাগ ছাড়া কোন বিকল্প নেই।” ডবলমুরিং থানা বিএনপির সভাপতি এস এম সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট দেলওয়ার হোসেন চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান শামীম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/২০০২ ঘ.